সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে মর্নিং স্টার স্কুল। জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। পরপর দু’দিন ময়নাগুড়ি শহরের বেসিক স্কুল মাঠে চলবে এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীত শিল্পী কৌশালী বন্দ্যোপাধ্যায়।
পড়াশোনার ক্ষেত্রে জলপাইগুড়ি জেলায় সুনাম অর্জন করেছে মর্নিং স্টার স্কুল। পঞ্চাশ বছর আগে পথচলা এই স্কুল চলতি বছর কলকাতায় বেস্ট আইডিয়াল স্কুলের খেতাব অর্জন করেছে। স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ গঠনেরও কাজ করা হয়। সেই কারণে বিভিন্ন মনীষীর জন্মদিন পালন থেকে শুরু করে বিশেষ বিশেষ দিনগুলিতে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে স্কুল ক্যাম্পাসে। এই স্কুলে প্লে ক্লাস থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হয়।
স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জানুয়ারি বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের খুদেরা নাচ, গান, নাটক ও কবিতা পরিবেশন করবে। পরের দিন, ১৭ তারিখ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। পাশাপাশি সেদিনই কৌশালী বন্দ্যোপাধ্যায় লোকসংগীত মঞ্চস্থ করবেন।
স্কুলের প্রিন্সিপাল পিয়ালী ঘোষ বণিক বলেন, ১৬ জানুয়ারি স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের অংশগ্রহণ করবে। ৪০ জন শিক্ষক শিক্ষিকাও অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি থাকছে শ্রুতিনাটক। এছাড়াও সেদিন পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ‘বিদায় বেলা’ অনুষ্ঠান করা হবে। ১৭ তারিখ আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন উৎসব রয়েছে। তারাও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবে। এ বছর কলকাতায় আমরা বেস্ট আইডিয়াল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। আমরা সারা বছরই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে। আমরা চাই, প্রত্যেক ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হোক। তাদের সাফল্যই আমাদের কাছে সবথেকে বড়ো প্রাপ্তি।



