চালিশা পাঠে অংশগ্রহণকারীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, আরশোলা হবেন না, দুর্গাপুরে গিয়ে ককরোচ জনতা পার্টিকে ঘুরিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে ককরোচ জনতা পার্টিকে ঘুরিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘নেতাজি ইনডোর স্টেডিয়ামে যুবক-যুবতী মিলিয়ে ৫ লক্ষ মানুষ হনুমান চালিশা পাঠ করেছেন। তাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানী চিকিৎসক হবেন। আরশোলা ছারপোকা হবেন না।’ এরই পাশাপাশি, রাজ্যে তীর্থ-সমন্বয়ে একাধিক পরিকল্পনারও কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেটা করতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একহাত নিয়েছেন পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। 

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের উদ্যোগে তীর্থক্ষেত্র-সার্কিট গড়ে তোলা হচ্ছে। এক হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তারাপীঠ-দক্ষিণেশ্বর-কালীঘাট থেকে উত্তরবঙ্গের  মদনমোহন জিউ পর্যন্ত এই সার্কিট তৈরি হবে। বাদ পড়বে না মুর্শিদাবাদের কিরীটেশ্বরীও।’ এই পরিকল্পনার কথা বলেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, ‘এবার সরকার গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মেলার স্তরে নিয়ে যাবে। খড়, হোগলা পাতা দিয়ে থাকার ব্যবস্থা হবে না। টেন্ট তৈরি হবে। ভালো খাবার থাকবে। হেলিকপ্টার সার্ভিসও থাকবে। ঝাড়খণ্ড থেকে পুণ্যার্থীরা পশ্চিম বর্ধমানে ঢুকলেই  সেখান থেকে ২৫ কিলোমিটার অন্তর অন্তর সরকারের সেবা ক্যাম্প থাকবে।’ 
এরপরেই মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে বলেন, ‘আমরা পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করতে দিইনি। গত বছরের থেকে এ বছর ১৩ হাজার দুর্গাপূজা ও সাত হাজার কালী পুজো বেড়েছে। এটার অর্থ, সেই সময় এরা পুজো করতে পারতেন না।’ পুজোর পর শিক্ষা ও নারী সুরক্ষা নিয়েও তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরেন শুভেন্দু। বলেন, ‘স্বাধীনতার পর দেশের অর্থনীতির মূল ভিত্তি ছিল পশ্চিমবঙ্গ। শিক্ষা ক্ষেত্রে প্রথম স্থান ছিল। এখন ৩১তম স্থানে। আগের সরকারের আমলে বোন-কন্যাদের কোনো সুরক্ষা ছিল না। তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাত আটটার পর মেয়েরা কেন বের হবে? এখনকার পুলিশ সেই ভাষায় কথা বলে, যে  যে ভাষা বোঝে ধর্ষক-গুন্ডারা।’
দুর্গাপুরের এসবি মোড়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে তিনি  বলেন, ‘মুখ্যমন্ত্রীর সব সময় বলেন আমার কাছে দুর্গাপুরের উন্নয়নের জন্য জিনিস চেয়ে নিতে হবে।  আমরা চাই মুখ্যমন্ত্রী যেভাবে নেশামুক্ত বাংলার ডাক দিয়েছেন, আমরাও চাই নেশামুক্ত দুর্গাপুর হোক। তার জন্য যা করার প্রয়োজন করতে প্রস্তুত রয়েছি। কলেজের গেটগুলিতে বিএস নামে একপ্রকার বিশেষ মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। বীরভূম থেকে এনে পড়ুয়াদের এই নেশা করতে উৎসাহিত করা হচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে নেশামুক্ত দুর্গাপুর চাই।’ 
মুখ্যমন্ত্রী বলেন, ‘২৭ তারিখ আমি দুর্গাপুর আসছি। প্রশাসনিক বৈঠকে সামগ্রিকভাবে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে করা যাবে, তা নিয়ে আলোচনা হবে।’  এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ, প্রাক্তন এমপি এসএস আলুয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্ণণচন্দ্র ঘড়ুই সহ একাধিক বিধায়ক। মঞ্চ থেকে নামার সময় বর্ষীয়ান বিজেপি নেতা পবন সিংকে দেখে মুখ্যমন্ত্রী জানতে চান, ‘পবন জি ছট কেমন হয়েছে?’ পবনের জবাব ছিল অভূতপূর্ব।  নিজস্ব চিত্র