রায়নায় তৃণমূল কর্মীদের কেন নেওয়া হচ্ছে দলে, প্রশ্ন দলেই, তোলাবাজি বন্ধ করতে মিছিল বিজেপির
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তোলাবাজি নিয়ে নাজেহাল বিজেপি নেতৃত্ব। দু’দিন আগেও যিনি তৃণমূল ছিলেন তিনিই এখন বিজেপির পতাকা ধরে তোলাবাজিতে সিদ্ধহস্ত হয়ে উঠছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছে বিজেপির একাংশ। নেতৃত্ব তোলাবাজি বন্ধের হুঁশিয়ারি দিয়েও লাভ হচ্ছে না। এবার তা বন্ধ করতে বিজেপির পতাকা হাতে পথে নামলেন দলেরই নেতা-কর্মীরা। তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রায়নার গোতান এলাকায় মিছিলও করা হয়। তাতে অধিকাংশ মহিলা বিজেপি কর্মী শামিল হয়েছিলেন। তাঁদের দাবি, তৃণমূলের আমলে যারা তোলাবাজি করত তাদেরও অনেককে দলে আশ্রয় দেওয়া হচ্ছে। তাদেরকেও গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি মানিক রায় বলেন, ঘটনাটি শোনার পর মণ্ডল সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর কাছে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে। বিধায়ক সুভাষ পাত্র বলেন, ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি। 

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রায়না-২ ব্লকে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল চলছে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগছে। তবে শুধু রায়না নয়, জেলার অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই নিজেদের মধ্যে দড়ি টানাটানি চলছে। জেলায় নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। অনেকেরই দাবি, নতুন কমিটি গঠনের পর কোন্দল আরও মাথাচাড়া দিতে পারে। পদ পাওয়ার জন্য অনেক঩কে কালিমালিপ্ত করারও প্রয়াস চলছে বলে অভিযোগ। সেকারণে নেতৃত্ব সাবধানী পদক্ষেপ নিচ্ছে। কমিটি ঘোষণার আগে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। আরএএস নেতৃত্ব কমিটি গঠনে বড় ভূমিকা নিচ্ছে। তারা তালিকা তৈরি করেছে। তবে সেই তালিকা বিজেপি কতটা মানবে তা নিয়ে অনেকেই ধোঁয়াশায় রয়েছেন। দলের এক নেতা বলেন, বারবার তোলাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তি বাড়ছে। রায়নার ঘটনা দলের কাছে যথেষ্ট অস্বস্তিকর। তোলাবাজি বন্ধের দাবিতে এর আগে এমন মিছিল জেলায় হয়নি। মিছিলে অংশ নেওয়া কর্মী এবং সমর্থকরা স্লোগানও দিতে থাকেন। নেতৃত্বের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। এধরনের ঘটনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। পদক্ষেপ না নিলে অন্যান্য এলাকাগুলিতেও মিছিল হতে পারে। তাতে দলের অস্বস্তি বাড়তে পারে। গোতান এলাকায় মিছিল শেষে কর্মীরা মাইক হাতে তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তারা স্থানীয় এক নেতার নাম প্ল্যাকার্ডে লিখে পথে নামে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এরপর মানুষ ওদের অন্যায়ের প্রতিবাদ জানিয়ে পথে নামবে। জেলাজুড়েই তোলাবাজি চলছে। একসময় মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে।