মালদহ, ১৯ নভেম্বর: বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী। রাজ্য-রাজনীতিতে যিনি লেবুবাবু নামেই বেশি পরিচিত। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিকবার ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। সম্প্রতি থাকছিলেন কলকাতায় নিজ বাসভবনে। আজ, বৃহস্পতিবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর প্রায় সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণের খবর মালদহে পৌঁছলে খান চৌধুরী ভবনে শোকের ছায়া নেমে আসে। এদিন সোশ্যাল মিডিয়ায় লেবুবাবুর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ভাইপো তথা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। লিখেছেন, শোকাতুর ভাবে আপনাদের জানাচ্ছি যে জেঠু তথা প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী আজ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর আশীর্বাদ এবং স্মৃতি আমার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীর মরদেহ কবরস্থ করার প্রক্রিয়া শুরু করেছেন তাঁর পরিজনেরা।
উল্লেখ্য, আবু নাসের খান চৌধুরী ছিলেন মালহের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর ভাই। সুজাপুরের প্রাক্তন বিধায়ক হিসেবেও দীর্ঘদিন এলাকার মানুষের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরিবারের অন্যতম সদস্য হিসেবে কোতুয়ালি ভবনের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ ছিল। এর পাশাপাশি নিজেও রাজ্যের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণে মালদহের কংগ্রেস কর্মী-সমর্থক এবং অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লেবুবাবুর মৃত্যুর ফলে খান চৌধুরীদের একটি প্রজন্মের সমাপ্তি ঘটল।



