সংবাদদাতা, বনগাঁ: বিএমএস নেতা রাজীব গোস্বামীকে গ্রেপ্তারের দাবিতে বুধবার পথে নেমেছিলেন মতুয়ারা। ২৪ ঘণ্টার মধ্যে পালটা প্রতিবাদ মিছিল করলেন বিএমএসের অশোক কীর্তনিয়াপন্থী শ্রমিকরা। বৃহস্পতিবার বনগাঁ শহরে অটো-টোটো বন্ধ রেখে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। তাঁদের দাবি, রাজীব গোস্বামী সহ কয়েকজন শ্রমিক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এদিন বৃষ্টিভেজা শহরে প্রতিবাদ মিছিলের জন্য প্রায় দু’ঘণ্টা অটো-টোটো বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিন বনগাঁ ত্রিকোণ পার্ক নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে থেকে মিছিল শুরু হয়। মতিগঞ্জ মোড়, বাটার মোড় হয়ে রামনগর রোডের মুখে এসে শেষ হয় মিছিল। অটো-টোটোচালক, বাসচালক, সাধারণ শ্রমিকরাও শামিল হন এই মিছিলে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার অনুগামীদের লড়াইয়ের আঁচ পৌঁছেছে মতুয়াদের মধ্যে। অশোকপন্থী এক বিএমএস নেতা শান্তনু ঠাকুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। বুধবার রাজীব গোস্বামী নামের ওই নেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে ডেপুটেশন দেন মতুয়ারা। তাঁরা যশোর রোড অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার শহরে প্রতিবাদ মিছিল করে অশোকপন্থী বিএমএস শ্রমিকরা। মিছিলের জন্য সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাস, অটো, টোটো বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। বিএমএস নেতা প্রদীপ বিশ্বাস বলেন, রাজীব গোস্বামী সহ কয়েকজন নেতার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রতিবাদে আমরা শহরে মিছিল করেছি।



