নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইছাপুরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল পিছিয়ে দেওয়া হল। আজ, শুক্রবার শোভাযাত্রা বেরনোর কথা ছিল ইছাপুরে। এস বি রোড, ঘোষপাড়া রোড, বাদামতলা হয়ে নবাবগঞ্জ পর্যন্ত শোভাযাত্রা হওয়ার কথা ছিল। ঠিক হয়েছে, বৃষ্টির কারণে শোভাযাত্রা সোমবার হবে। বৃহস্পতিবার সব পুজো কমিটি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে। চন্দননগরের মত ইছাপুরেও কয়েক বছর ধরে জগদ্ধাত্রীর কার্নিভাল হচ্ছে। পুজো কমিটির অন্যতম কর্তা মৃন্ময় কাশ্যপি জানিয়েছেন, নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগের কারণে আজ, শুক্রবারের বদলে সোমবার প্রতিমা নিয়ে শোভাযাত্রা হবে। স্থানীয় বিধায়ক অর্জুন সিংকে বিষয়টি জানানো হয়েছে। তিনি প্রশাসনের কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন। শোভাযাত্রায় মোট ১৩টি পুজো কমিটি অংশ নেবে। গত কয়েক বছর ধরেই ইছাপুরে জগদ্ধাত্রী পুজো জনপ্রিয়তা পেয়েছে। থিম ও সাবেকিয়ানার মেলবন্ধনে জমে উঠেছে এই পুজো। এই পুজোকে ঘিরে এখানে আলপনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



