নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় চুরির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার! বৃহস্পতিবার রাতে কসবা থানার পুলিশ যাদবপুর থানার বিজয়গড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা। ধৃত সিভিক বর্তমানে লালবাজারে বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। কসবার বেদিয়াডাঙা ফার্স্ট লেনের দিপালী মাহাত চৌহানের ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। দিপালীদেবী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। জানা যায়, ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টার পর্যন্ত দিপালীদেবীর বাড়ি ফাঁকা ছিল। সেই সময়ই বাড়ি থেকে নগদ ৩ হাজার টাকা, একটি সোনার নাকছাবি, একজোড়া রুপোর নুপুর, দু’টি রুপোর কোমর-বন্ধ চুরি যায়। তদন্তে নেমে ওই তল্লাটের সিসিটিভি ফুটেজ ঘাঁটতে শুরু করে পুলিশ। তাতেই দিপালীদেবীর বাড়িতে ওই সিভিকের সন্দেহজনক উপস্থিতি নজরে আসে। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য কসবা থানায় তলব করা হয় ওই মহিলা সিভিককে। টানা জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন তিনি। পরে বৃহস্পতিবার রাতে বিজয়গড়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মহিলাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিজয়গড়ের বাড়িতে এক বান্ধবীর সঙ্গে থাকেন তিনি। অতীতে হরিদেবপুর থানায় কর্মরত থাকলেও বর্তমানে লালবাজারে বিল্ডিং ডিপার্টমেন্টে রয়েছেন তিনি। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার হয়েছে। তবে নগদ টাকা মেলেনি। পাশাপাশি, চুরিতে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করেছে কসবা থানার পুলিশ। ধৃত মহিলা সিভিককে আজ শুক্রবার দুপুরে আলিপুর আদালতে হাজির করানোর কথা রয়েছে।



