নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে নড়াইলে হামলা, অগ্নিসংযোগের যে ঘটনা হয়েছে সেব্যাপারে আমরা উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাবে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার বলেছেন, আজ সোমবার তিনি এই বিষয় নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গের মানুষ যে ওই ঘটনায় বিচলিত ও এখানে এর প্রতিক্রিয়া হচ্ছে সেটা বিদেশমন্ত্রীকে জানানো হবে। যেহেতু এটা অন্য দেশের ব্যাপার তাই সরাসরি রাজ্য সরকার কিছু করতে পারে না। তবে যে ঘটনা সেখানে হয়েছে, তা বেদনাদায়ক। এদিকে, আগামী ডিসেম্বরে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার উত্তর ২৪ পরগনার হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই ইঙ্গিত দেন বিধায়ক। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।



