নাগপুর: ২০২৫ মোটেই ভালো কাটেনি সূর্যকুমার যাদবের। টি-২০ ফরম্যাটে ২১ ম্যাচে ১৩.৬২ গড়ে তাঁর ব্যাটে এসেছে ২১৮ রান। একবারও পঞ্চাশের গণ্ডি টপকাতে পারেননি তিনি। ৩৫ বছর বয়সির কাছে আসন্ন টি-২০ বিশ্বকাপে সেজন্যই অগ্নিপরীক্ষা। তার মহড়া হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজকে দেখছে ক্রিকেটমহল। অনেকেরই ধারণা, ফর্মে না ফিরলে বিশ্বকাপই হতে চলেছে দেশের জার্সিতে ৩৬০ ডিগ্রি ব্যাটারের শেষ আসর।
স্বয়ং সূর্য অবশ্যই সেভাবে দেখছেন না। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তিনি সাফ বলেছেন, ‘আমি রানের মধ্যে নেই ঠিকই। তবে নিজেকে বদলাচ্ছি না। গত তিন-চার বছর ধরে যেভাবে খেলে সফল হয়েছি, সেভাবেই খেলব। যদি রান আসে তো ভালো। অন্যথায়, কোথায় সমস্যা তা খুঁজব। নেটে কিন্তু আমি আগের মেজাজেই ব্যাট করছি।’
সূর্য অবশ্য ব্যক্তির আগে দলকে দেখাতে চাইছেন। পারফরম্যান্স নিয়ে ক্রমাগত প্রশ্নে তাঁর জবাব, ‘আমি তো আর টেবল টেনিস বা টেনিসের মতো ব্যক্তিগত ক্রীড়ায় নেই। তাহলে নিজের ফর্ম নিয়ে উদ্বেগ হত। কিন্তু ক্রিকেট হল টিমগেম। আমার দল যেন সাফল্য পায়, সেটাই থাকে লক্ষ্য। দল জিতলেই আমি সেজন্য খুশি। আর তাতে আমার অবদান থাকলে তৃপ্তিটা বেশি হয়। কিন্তু আমার অবদান না থেকেও দল জিতলে অসুবিধার কিছু নেই। বাকি ১৪জনের দিকে তাকাতে হয়। ব্যক্তিগত কীর্তি নিয়ে মাতামাতি করার অবকাশ আমার নেই।’
কেন তিন নম্বরে ঈশান কিষানকে নামানো হবে, সেটাও যুক্তি দিয়ে বুঝিয়েছেন ভারত অধিনায়ক। সূর্য বলেছেন, ‘ঈশান আমাদের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে। স্কোয়াডে আগেই ঘোষিত হয়েছে ওর নাম। অন্যদিকে, প্রথম তিন ম্যাচে তিলক ভার্মা না থাকায় স্কোয়াডে এসেছে শ্রেয়স আয়ার। সেজন্যই খেলার প্রশ্নে শ্রেয়সের চেয়ে এগিয়ে ঈশান। দেশের হয়ে দেড় বছর আগে শেষবার খেলেছিল ও। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো ধারাবাহিক থেকেছে।’