শিশির ঘোষ: মুঠোফোন স্ক্রল করার ফাঁকে সেদিন একটা খবরে চোখ আটকে গেল। কিউয়ি ফুটবলার জেসি র্যান্ডালের বেতন নাকি অনিরুদ্ধ থাপার চেয়েও কম! অকল্যান্ডে সে একাই ছারখার করে দিয়েছিল খালিদ ব্রিগেডকে। স্কটল্যান্ডের ডান্ডি ইউনাইটেডে খেলে জেসি। ভারতীয় মুদ্রায় ট্রান্সফার মার্কেট ভ্যালু ৮.৮০ কোটি। তবে মার্কেট ভ্যালু আর বেতনের মধ্যে পার্থক্য থাকেই। তবু বলতে দ্বিধা নেই, ভারতের বেশিরভাগ ফুটবলারই ওভার-হাইপড।
গত বিশ্বকাপে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে নিশ্চয়ই ভোলেননি। সেসময় পর্তুগালের দ্বিতীয় ডিভিশন ক্লাবে খেলত। ভারতীয় মুদ্রায় ৫০-৫৫ লক্ষ টাকা আয়। আমাদের গুরপ্রীত সিংও হাসতে হাসতে পিছনে ফেলবে ভোজিনহাকে। তবে বিশ্বকাপের পর তার উপার্জন বেড়েছে অনেকটাই। শুনেছিলাম, কেরল ব্লাস্টার্স থেকে জিকসনকে সই করাতে প্রায় আড়াই কোটি টাকা খরচ করেছিল ইস্ট বেঙ্গল। আপুইয়ার মোহন বাগানে যোগদানও মোটা টাকার ট্রান্সফার ফি’র বিনিময়ে। আবার খুব কম টাকায় অভিষেক সিংকে সই করিয়েছিল পাঞ্জাব। পরবর্তীতে কয়েকগুণ বেশি দামে মোহন বাগানে অভিষেককে বিক্রি করে তারা। ব্যক্তিগত মত, পুরোটাই এজেন্টদের কারসাজি। নিজের প্রোডাক্ট বিক্রির কৌশল। আইএসএল চালু হওয়ার পর এটা দারুণ এক বেওসা। ফুলিয়ে ফাঁপিয়ে টু পাইস কামিয়ে নেওয়ার মঞ্চ হয়ে উঠেছে আইএসএল। ফুটবলার বিক্রি করে এজেন্টদের আঙুল ফুলে কলাগাছ। কিন্তু ফুটবলের কোনো লাভ হয়নি। যে তিমিরে ছিল আছে সেখানেই। শুধু বাইরেটা গ্ল্যামার, বৈভব, চটকে মোড়া। ভিতরে একেবারে ফাঁপা।
ভারতীয় ফুটবলের চরম দুর্দশা কষ্ট দেয়। ফিফা র্যাংকিং ১৩৮। অথচ একটা সময় প্রথম একশোর মধ্যে ছিল ব্লু টাইগার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের বাড়বাড়ন্তের পরই সর্বনাশের শুরু। সাপ্লাই লাইন বজায় রাখার কোনো চেষ্টাই করেনি আইএসএল। বরং বিভিন্ন টুর্নামেন্টকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। ফুটবলার উঠে আসবে কোথা থেকে? ঘরোয়া লিগ বাঁচানোর চেষ্টা নেই। সন্তোষ ট্রফি টিমটিম করছে। আম্বানিদের হাত সরে যাওয়ার পর দল গড়তেও হিমশিম খাচ্ছে অধিকাংশ ক্লাব। সিটি গ্রুপ পাততাড়ি গুটোনোর পর মুম্বইয়ের ভাঁড়ে মা ভবানী দশা। গোয়া, ওড়িশা— সর্বত্রই এক ছবি। ক্লাব ফুটবলের মান তলানিতে। জাতীয় দলও চরম বিপর্যয়ের সম্মুখীন। আইএসএল ভারতীয় ফুটবলের আশীর্বাদ নয়, ঘোর অভিশাপ বয়ে এনেছে।



