আনোয়ারকে ছাড়াই প্রস্তুতিতে ইস্ট বেঙ্গল
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছ’দিনের ছুটি কাটিয়ে রবিবার অনুশীলনে ফিরল ইস্ট বেঙ্গল। আগামী দু’সপ্তাহ মশাল বাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বে ২৪ নভেম্বর এসিএল টু’র গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি আইএসএলের প্রথম পর্বের ডার্বি (২৯ নভেম্বর) খেলতে হবে হাবাস ব্রিগেডকে। এই জোড়া ম্যাচের আগে অবশ্য শুক্রবার ঘরের মাঠে এসসি দিল্লির মুখোমুখি হবেন রশিদরা। কিন্তু এই কঠিন সময়ে দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলারকে পাবে না ইস্ট বেঙ্গল। গত ৩ নভেম্বর আল সিবের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রক্ষণের স্তম্ভ আনোয়ার আলি। গ্রেড-টু টিয়ার হয়েছে তাঁর। ফলে আপাতত বিশ্রামেই থাকতে হবে এই ডিফেন্ডারকে। রবিবার আনোয়ারকে ছাড়াই শুরু হল প্রস্তুতি। তবে কবে ফিট হবেন তিনি, টিম ম্যানেজমেন্টর কাছে তার উত্তর অজানা। রুদ্ধদ্বার অনুশীলনে চুঁইয়ে আসা খবর, চলতি মাসে মাঠে নামতে পারবেন না তারকা স্টপার। সেক্ষেত্রে ডার্বিতে তো বটেই, এসিএল টু’র ম্যাচে জর্ডনের আল হুসেনের বিরুদ্ধেও অনিশ্চিত আনোয়ার। পাশাপাশি চোট রয়েছে এডমুন্ডেরও। তবে তাঁকে দিল্লি ম্যাচের আগে ফিট করার চেষ্টা চলছে।

Advertisement

জাতীয় দলের ফুটবলারদের বাদ দিয়ে বাকিরা এদিন সেন্টার অব এক্সেলেন্সে কোচ হাবাসের তত্ত্বাবধানে গা ঘামালেন। গত ম্যাচে চেন্নাইয়ান এফসি’র কাছে ৩-৫ গোলে হারের ধাক্কা কাটিয়ে দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া রশিদরা। তবে কঠিন চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের সামনে। আগামী তিন ম্যাচে আনোয়ারের অভাব ঢাকাই আসল পরীক্ষা হাবাসের।