জাপান ওপেনে চ্যাম্পিয়ন লক্ষ্য
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুয়ামোটো: জাপান ওপেনে লক্ষ্যপূরণ লক্ষ্য সেনের। রবিবার শিরোপা নির্ণায়ক ম্যাচে স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোকি ওয়াতানাবেকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শাটলার। সেই সুবাদে টানা দু’টি মাস্টার্সের শিরোপা ঘরে তুললেন লক্ষ্য। উল্লেখ্য, এর আগে হাইলো ওপেনের ট্রফি জিতেছিলেন তিনি। এদিন লক্ষ্যর পক্ষে খেলার ফল ১৩-২১, ২১-১৮, ২১-১৪। এই জয়ের সুবাদে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলার আশা জিইয়ে রাখলেন তিনি। 

Advertisement

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলতে হলে বিশ্বের সেরা আট খেলোয়াড়ের তালিকায় থাকতে হবে লক্ষ্যকে। জাপান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ৭৪.১৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলেন ভারতীয় শাটলার। তবে তাতেও নিশ্চিত নয় তাঁর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলা। কারণ এরপর হবে হংকং ওপেন। সেখানে অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হবে লক্ষ্যকে। তবেই মিলবে ছাড়পত্র। আগামী ২২ নভেম্বর হবে হংকং ওপেনের ফাইনাল। তার পরেই ওয়ার্ল্ড ট্যুরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এদিন শুরুতে ছন্দে ছিলেন না লক্ষ্য। প্রথম গেম খোয়াতে হয় তাঁকে। তবে এরপর টানা দু’টি গেম জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি। জয়ের পর তাঁর মন্তব্য, ‘এখনই কোনো উৎসব নয়। হংকং ওপেনেও এই ছন্দ ধরে রাখতে চাই।’