ঘরের মাঠে লজ্জার হার রোনাল্ডোহীন পর্তুগালের, ৭ নম্বর জার্সি গায়ে সিআরসেভেনকে সম্মানজ্ঞাপন সতীর্থদের
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পর্তুগাল- ১                         :                                 ডেনমার্ক- ৪

Advertisement

নরওয়ে- ৩                        :                                   ওয়েলস- ১
 
ব্রাগা: শুক্রবার ফিফা ফ্রেন্ডলিতে উরুগুয়ের কাছে হারের মুখ দেখেছিল মেসিহীন আর্জেন্তিনা। ২৪ ঘণ্টার মধ্যে নেশনস লিগের ম্যাচে একই চিত্র দেখা গেল পর্তুগাল শিবিরে। দেশের সর্বকালের সেরা ফুটবলার তথা প্রাক্তন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসরের পর শনিবারই প্রথম মাঠে নেমেছিল পর্তুগিজরা। সেখানে দেশের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড়ো ব্যবধানে হারের লজ্জায় ডুবল জর্জ হেসাসের দল। ব্রাগা মিউনিসিপাল স্টেডিয়ামে ডেনমার্কের কাছে ১-৪ ব্যবধানে বশ মানল পর্তুগাল। কার্যত আত্মসমর্পণই করল ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচে ড্যানিশদের হয়ে জোড়া গোল রাসমাস হইলান্ডের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন পিয়েরে-এমিলে হোবার্গ ও জোয়াকিম অ্যান্ডারসেন। ম্যাচের সংযোজিত সময়ে পর্তুগালের হয়ে ব্যবধান কমান বের্নার্ডো সিলভা।
গত মাসেই জাতীয় দল থেকে অবসর নেন রোনাল্ডো। যদিও তাঁর বিদায় একেবারেই মধুর হয়নি। কোচ জর্জ হেসাসের সঙ্গে বিবাদের জেরে জাতীয় শিবির ছেড়েছিলেন রুষ্ট মহাতারকা। তবুও বরফ গলার আশায় ছিলেন অনেকেই। কিন্তু তেমনটা হয়নি। কয়েক দিনের মধ্যেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন রোনাল্ডো। পর্তুগাল ফেডারেশনের পক্ষ থেকেও দেশের সর্বকালের সেরা ফুটবলারকে ফেরানোর কোনো সদিচ্ছা দেখা যায়নি। তবে ঘরের মাঠে নেশনস লিগের ম্যাচে রোনাল্ডোকে সম্মান জানাতে ‘৭’ নম্বর জার্সি গায়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন দলের ফুটবলাররা। ম্যাচ শুরু হওয়ার পর অবশ্য জার্সির সঙ্গেই উধাও যাবতীয় আবেগ। উলটে ম্যাচ জুড়ে নিষ্প্রভ পারফরম্যান্সের জেরে সমর্থকদের রোষের মুখে পড়তে হয় গোটা দলকে। প্রশ্ন ওঠে, তাহলে কি রোনাল্ডোকে ছাড়া এই পর্তুগাল দল সত্যিই অচল!
ম্যাচ শেষে রোনাল্ডোর অভাব নিয়ে প্রশ্ন শুনতেই রেগে লাল কোচ হেসাস। তিনি বলেন, ‘কীসের অভাব? যে নেই, তার অভাব কেন অনুভব করব। সে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই তার থাকা না থাকার প্রশ্ন উঠছে কী করে। পর্তুগালের মানুষ ওকে মিস করবে। দীর্ঘ ২৩ বছর ধরে জাতীয় দলের হয়ে পারফর্ম করেছে। তার যাবতীয় অর্জনকে অস্বীকার করার জায়গা নেই।’
দিনের অপর ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে নক-আউটের আশা জিইয়ে রাখল নরওয়ে। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন আন্তোনিও নুসা, আন্দ্রেস সেলডারুপ ও আর্লিং হালান্ড। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে। আর দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের সংগ্রহ ৯। ফলে পরের রাউন্ডে পৌঁছাতে শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জিততেই হবে নরওয়েকে।