Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত-মধ্যমগ্রামে সুপার সানডে জমজমাট, প্রচারে নুসরত ও রচনা

ভোটের আগের শেষ রবিবারের আলাদা গুরুত্ব থাকে। দিনটি সবসময়ই প্রার্থীদের কাছে সুপার সানডে। দ্বিতীয় বা শেষ দফার প্রচারে এই রবিবারও ঝড় উঠল।

বারাসত-মধ্যমগ্রামে সুপার সানডে জমজমাট, প্রচারে নুসরত ও রচনা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের আগের শেষ রবিবারের আলাদা গুরুত্ব থাকে। দিনটি সবসময়ই প্রার্থীদের কাছে সুপার সানডে। দ্বিতীয় বা শেষ দফার প্রচারে এই রবিবারও ঝড় উঠল। বারাসত, মধ্যমগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় দিনভর চোখে পড়ল সেই ছবি। রাস্তায় মানুষের ঢল। মাইকে লাগাতার স্লোগান। হুড খোলা গাড়িতে প্রার্থীরা। তৃণমূলের প্রচারে তারকা ঝলক বাড়তি অক্সিজেন জোগাল। প্রচারে চোখ টানলেন টলিউডের জনপ্রিয় অভিনেতারা। বিজেপিও গরম থাকল ময়দান। 

Advertisement

মধ্যমগ্রামে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রথীন ঘোষের সমর্থনে বিকেলে বাদু রোডের দিগবেড়িয়া খেলার মাঠ থেকে হয় বর্ণাঢ্য মিছিল। রোদ সত্ত্বেও জমজাট ভিড়। হুডখোলা গাড়িতে টেলিভিশনের জনপ্রিয় মুখ দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। অনেকের হাতেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের সরাসরি রাজনৈতিক বার্তা দিলেন প্রচারে থাকা কর্মীরা। ঢাকের বাজনা, ব্যান্ডের তালে এগিয়েছে মিছিল। মাঝেমধ্যেই গাড়ি থামিয়ে হাতজোড় করে পথচলতি মানুষ ও স্থানীয়দের ভোটের আবেদন জানিয়েছেন রথীন ঘোষ। তাঁর পাশে রুপোলি পর্দার দুই তারকা। হাসি, হাত নাড়া, আর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাঁরা। তৃণমূলের মহিলা সংগঠন থেকে যুব শাখা, সবমিলিয়ে হাজার হাজার কর্মীর উপস্থিতিতে কার্যত উৎসবের আবহ এলাকাজুড়ে। 
অন্যদিকে বারাসতে ছবিটা কিছুটা অন্যরকম। সেখানেও আবেগ কম নয়। তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের সমর্থনে রোড শো করতে আসেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁর আসার অনেক আগেই হেলাবটতলা মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত জাতীয় সড়কের ধারে অপেক্ষায় হাজার হাজার কর্মী-সমর্থক। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে তেরঙ্গা বেলুন, কোথাও বিশাল আকৃতির লক্ষ্মীর ঘট। বিকেলের দিকে নুসরত পৌঁছনোর পর ভিড়ের মধ্যে বাড়তি উৎসাহ। খোলা গাড়িতে প্রার্থীকে পাশে তিনি শোভাযাত্রা করেন। কখনো হাত নেড়ে শুভেচ্ছা, কখনও সংক্ষিপ্ত বক্তব্য। তার মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দেন জনতার কাছে। কলোনি মোড় থেকে ডাকবাংলো, সেখান থেকে চাঁপাডালি, পুরো পথ তখন চলমান জনসমুদ্র। মিছিলে হাঁটতে হাঁটতে কর্মীদের গলায় স্লোগান, চারপাশে দর্শক, সবমিলিয়ে বারাসতের রবিবার বিকেল আলাদা ছন্দ পেয়েছিল। 
অন্যদিকে রবিবার নিজেদের উপস্থিতি জানান দেয় বিজেপিও। মধ্যমগ্রামের নীলগঞ্জে সুভাষনগর মাঠে প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন বলিউডের তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতে জমায়েতের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বক্তৃতায় রাজনৈতিক আক্রমণ, পাল্টা প্রতিশ্রুতি ছিল মিঠুনের গলায়। সবমিলিয়ে সুপার সানডে আসলে ছিল শক্তি প্রদর্শনের মঞ্চ। কে কত ভিড় টানতে পারল, কার মিছিলে কতটা উন্মাদনা, তারই অলিখিত প্রতিযোগিতা। তারকাদের উপস্থিতি সেই লড়াইয়ে বাড়তি রং যোগ করে। রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট, শেষ ল্যাপের আগে ভোটারদের মন জয়ের বড়ো চেষ্টা।

Advertisement
সম্পর্কিত সংবাদ