রাজ্যজুড়ে পারদ পতন শুরু, ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫২
Prefer us on Google

কলকাতা, ২৫ নভেম্বর: কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো সর্বনিম্ন তাপমাত্রার পারদ। বুধবার ভোরের তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা আগামীকাল। গত ২৪ ঘণ্টায় প্রায় তিন ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা। গতকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

 উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত । ক্রমশ তা সরে যাচ্ছে অসমের দিকে। অন্যদিকে রাজ্যে বাড়ছে উত্তরে হওয়ার দাপট। তার ফলে ক্রমশ তাপমাত্রা কমছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও, রাতের তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের নিচে। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলোতে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলা সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। 

শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ জুড়েও। তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে কুয়াশার দাপট। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে পার্বত্য এলাকাগুলোতে কুয়াশার দাপট অনেকটাই বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে। মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রা কমবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই মতো শুরু হল পারদ পতন।