পুনে, ২৫ নভেম্বর: জামিনে মুক্তি পাওয়ার মাত্র চার দিনের মাথায় খুনের মামলায় অভিযুক্তকে লক্ষ্য করে চলল গুলি। পুনে আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো হাত। যত্রতত্র ছড়িয়ে রক্ত। ভয়াবহ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বুধবার শিবাজিনগরে আদালতের বাইরে অন্তত ছয়-সাত জন দুষ্কৃতী খুনের মামলার অভিযুক্ত মন্দার মারুতি কিওয়ালের উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁর হাত। সেই সঙ্গে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। হামলার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
যে আদালতকে ‘টেম্পল অফ জাস্টিস’ বা ন্যায়বিচারের মন্দির বলা হয়, সেখানেই এমন নৃশংস ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসের একটি খুনের মামলায় মাত্র চার দিন আগেই জামিন পেয়েছিলেন মন্দার। শুভম সুভাষ চভন হত্যার সেই মামলাতেই, বুধবার শুনানির জন্য শিবাজিনগরে আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি। সেখানেই আদালতের ৪ নম্বর গেটের কাছে তাঁর উপর নৃশংসভাবে হামলা চালানো হয়।
সূত্রের খবর, ২০২৫ সালে আর্থিক ও জমি সংক্রান্ত বিবাদের জেরে পুনের সন্তোষ নগরের কাটরাজ এলাকায় খুন হয়েছিলেন শুভম। সেই মামলাতেই নাম জড়ায় মন্দারের। শুভমের খুনের বদলা নিতেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি বলেন, ‘আদালতকে ‘টেম্পল অফ জাস্টিস’ বলা হয়। সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুরক্ষার আশায় এখানে আসেন। কিন্তু সেখানেই যদি দিনের আলোয় রক্ত ঝরে, তবে পুনের সাধারণ মানুষ কার কাছে যাবেন?’ সাংসদ আরও বলেন, ‘পুনের মানুষ এখন একটাই প্রশ্ন করছেন, আদৌ কি আইনশৃঙ্খলার আর কিছু অবশিষ্ট রয়েছে?’ পুনেতে আইন-শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে, বলেও তোপ সাংসদের।



