অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তরুণীকে হোটেলে আটকে রাখল যুবক! পালানোর চেষ্টা করলে চাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা প্রাক্তন প্রেমিকের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
Prefer us on Google

মিরাট, ২৫ নভেম্বর: উত্তরপ্রদেশে ভয়াবহ ছবি। মিরাটের একটি হোটেলে গাজিয়াবাদের এক তরুণীকে আটকে রাখার অভিযোগ উঠল তাঁর প্রাক্তন প্রেমিকেরই বিরুদ্ধে। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তরুণীর পিছু ধাওয়া করেন সলমান নামে ওই অভিযুক্ত। পরে স্থানীয় বাসিন্দারা তরুণীকে উদ্ধার করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে শিউরে ওঠার মতো দৃশ্য, যেখানে চাংদোলা করে তরুণীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সলমান। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় সেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, তরুণী গাজিয়াবাদের বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত সলমান মিরাটের রোহতা এলাকায় থাকেন। অতীতে তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি তরুণীর পরিবারের তরফে অন্যত্র তাঁর বিয়ে ঠিক করা হয়।

তরুণীর অভিযোগ, তিনি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে রাতে সলমান তাঁকে জোর করে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তরুণীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। এমনকি শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন ওই তরুণী।

হোটেল থেকে পালানোর চেষ্টা করলে সলমান তাঁর পিছু ধাওয়া করেন এবং দু’জনের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্তকে তরুণীকে চাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। সেই সময়ই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তরুণীকে উদ্ধার করেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা দু’বছরেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।