কোচি, ২৫ নভেম্বর: মাঝ আকাশে আচমকাই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সহযাত্রীর সঙ্গে বচসা থেকে শুরু হয় হাতাহাতি, অভিযোগ, এক পর্যায়ে নিজের কোমরের বেল্ট খুলে অন্য যাত্রীর গলায় পেঁচিয়ে ধরেন এক ব্যক্তি। আবুধাবি থেকে কোচিগামী ইন্ডিগোর বিমানে এমনই ঘটনায় গ্রেপ্তার হলেন এক যাত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রোশন মার্টিন। তিনি কেরলের বাসিন্দা। ঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ইন্ডিগোর একটি বিমানে এই ঘটনাটি ঘটে। ওই বিমানে তাঁর সহযাত্রী ছিলেন ত্রিশূরের বাসিন্দা ইউসুফ। অভিযোগ, বিমানে বসে থাকার সময়ই দু'জনের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। সেই বচসা ক্রমে হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, বচসা চলাকালীন রোশন ইউসুফের মুখে ঘুষি মারেন। তাতে তাঁর চশমা ভেঙে যায় এবং ডান চোখের কাছে আঘাত লাগে। শুধু তাই নয়, নিজের কোমরের বেল্ট খুলে ইউসুফের গলায় পেঁচিয়ে টান দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে রোশনকে গ্রেপ্তার করে নেদুম্বাসেরি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) এবং ১১৮(১) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর বয়ান শীঘ্রই রেকর্ড করা হবে। সেই বয়ান এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।



