


নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কলকাতা থেকে চোরাই সোনা পাচার হচ্ছে বিহারের পাটনায়। এক্সপ্রেস ট্রেনে তা নিয়ে যাওয়া হচ্ছে। পাটনায় চোরাই সোনা বিক্রি করে ফেরার সময় বর্ধমান স্টেশন থেকে এক পাচারকারীকে গ্রেফতার করল আরপিএফ। হুগলির খানাকুলের বাসিন্দা ওই পাচারকারীর ব্যাগ থেকে ১৮লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ধৃত শঙ্কর কোটাল জেরায় জানিয়েছে, কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা এক কারবারির সোনা পাটনায় পৌঁছে দিয়ে ফিরছিল। সোনা বিক্রির ১৮লক্ষ টাকা তার কাছে ছিল।
আরপিএফ জানিয়েছে, আকালতখত এক্সপ্রেস থেকে ওই পাচারকারী নামে। ট্রেনটি বর্ধমান স্টেশনে দাঁড়ায় না। বুধবার কোনও কারণে ট্রেনটি ৫নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তাকে দেখেই আরপিএফ কর্মীদের সন্দেহ হয়। তার পিঠে বড় একটি ব্যাগ ছিল। সন্দেহ হওয়ায় আরপিএফ কর্মীরা তাকে জেরা শুরু করে। সে ঘাবড়ে যায়। ব্যাগ চেকিং করা হবে বলে তাকে জানানো হয়। তাতে সে আরও ভয় পেয়ে যায়। পরে ব্যাগ খুলতেই থরেথরে সাজানো ৫০০ এবং ১০০টাকার নোট দেখা যায়। মোট ১৮ লক্ষ টাকা ছিল। ধৃত জেরায় জানায়, কয়েকদিন আগে সে কলকাতার সিঁথির মোড়ে এক কারবারির সোনা নিয়ে পাটনা গিয়েছিল। তার নির্দেশমতো পাটনার এক ব্যক্তির কাছে সোনার বিস্কুট পৌঁছে দেয়। ওই ব্যক্তিই তাকে টাকার ব্যাগ দিয়ে ট্রেনে তুলে দেয়। এই কাজ করার জন্য তাকে কয়েক হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে আয়কর দফতর তদন্ত শুরু করেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে কয়েক মাস ধরে ব্যাপকভাবে অবৈধ সোনা এরাজ্যে ঢুকছে। বিএসএফ মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪পরগনা সীমান্তে প্রচুর সংখ্যক সোনার বিস্কুট উদ্ধার করেছে। তারপরও চোরাই সোনা সীমান্ত পেরিয়ে ঢুকছে। এরাজ্যে থেকে সোনা বিহারে পাচার হচ্ছে। কয়েকমাস আগেও সোনা কিনতে যাওয়ার সময় বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। তারা একটি বেসরকারি বাসে চড়ে কলকাতা যাচ্ছিল। বর্ধমান স্টেশন থেকে ধৃত খানাকুলের ওই পাচারকারী জানিয়েছে, এর আগেও সে বিহারে নিরাপদে সোনা পৌঁছে দিয়ে এসেছে। এর আগে সে শিয়ালদহ বা হাওড়ায় নেমে লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি বা আরামবাগ পৌঁছে যেত। ছোট স্টেশনগুলিতে সেভাবে চেকিং হয় না। বুধবার বিকেলে ওই এক্সপ্রেস ট্রেনটি বর্ধমান স্টেশনে থামতেই সে আচমকা নামার সিদ্ধান্ত নেয়। বর্ধমান থেকে বাস ধরে আরামবাগ যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায়। বর্ধমান স্টেশনে উদ্ধার হওয়া টাকা।-নিজস্ব চিত্র