নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল নেতা শেখ সুপিয়ানের জাহাজবাড়ির প্রতিকী দখল নিল কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। এদিন ব্যাঙ্কের অফিসাররা জাহাজবাড়িতে যান। সেখানে দখল নোটিস সাঁটিয়ে দিলেন ব্যাংক আধিকারীকরা। ওই তৃণমূল নেতা ৫৮লক্ষ ১৬হাজার ৭৪৩টাকা ঋণখেলাপি। গত ১২আগস্ট এই লোন শোধ করার জন্য ডিমান্ড নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিস গ্রহণ করলেও টাকা শোধ করেননি। এরপর মঙ্গলবার কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের অফিসাররা তাঁর বাড়িতে গিয়ে দখলের নোটিস লাগিয়ে দেয় তাঁরা।
ব্যাঙ্কের অফিসার চঞ্চল দাস বলেন, 'শেখ সুপিয়ান দু’টি লোন নিয়েছিলেন। একটি ছিল হাউস বিল্ডিং এবং অপরটি ছিল ট্রলার কেনার জন্য। তিনি ৫৮লক্ষ টাকা শোধ করেননি। হাউস বিল্ডিংয়ের জন্য ২৫লক্ষ টাকা এবং ট্রলার কেনার জন্য আরও ২৭লক্ষ ৫০হাজার টাকা নিয়েছিলেন। ট্রলার লোনের কিছুটা শোধ করেছেন। তবে, দু’টি লোন বাবদ এখনও ব্যাঙ্কের পাওনা ৫৮লক্ষ টাকা। দুটিতেই তিনি ডিফল্টার। এদিন নিয়ম মেনে আমরা প্রতীকি দখল করলাম। এই সম্পত্তি ওই কাউকে হস্তান্তর করতে পারবেন না। এটা মানুষজনকে সতর্ক করে দেওয়া হল।'
উল্লেখ্য, নন্দীগ্রামের উপনির্বাচনের আগেই তৃণমূল নেতা শেখ সুপিয়ানের জাহাজ বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সাহাবুদ্দিনের বাড়িতেও পৌঁছয় পুলিশ। ২০০৭ সালে জমি আন্দোলন চলাকালীন খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। একই ঘটনায় তৃণমূল নেতা শেখ সুপিয়ানের বাড়িতেও সেদিন হানা দেয় পুলিশ। তল্লাশির সময় কেউই বাড়িতে ছিলেন না তখন। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা ছিলেন সুপিয়ান, সাহাবুদ্দিন, মিলন প্রধানরা। তাঁদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়।



