Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যগুলির ঘাড়ে ৫৬ হাজার কোটি টাকা, জি রাম জি: শিবরাজের দাবি নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

‘মনরেগা’ সরিয়ে ‘বিকশিত ভারত-জি রাম জি’ আইন করেছে মোদি সরকার। নতুন আইন মোতাবেক, রাজ্যকে ৪০ শতাংশ অর্থ খরচ করতে হবে। কিন্তু এব্যাপারে তাদের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র হিসেব কষায় প্রবল ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ।

রাজ্যগুলির ঘাড়ে ৫৬ হাজার কোটি টাকা, জি রাম জি: শিবরাজের দাবি নিয়ে প্রশ্ন চন্দ্রিমার
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ‘মনরেগা’ সরিয়ে ‘বিকশিত ভারত-জি রাম জি’ আইন করেছে মোদি সরকার। নতুন আইন মোতাবেক, রাজ্যকে ৪০ শতাংশ অর্থ খরচ করতে হবে। কিন্তু এব্যাপারে তাদের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র হিসেব কষায় প্রবল ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ। আইন অনুযায়ী, প্রকল্পে মোট খরচের ৬০ শতাংশ দেবে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নতুন আইনে কাজ করতে ২০২৬-২৭ অর্থবর্ষে ১ লক্ষ ৫১ হাজার ২৮২ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে কেন্দ্র দেবে ৯৫ হাজার ৬৯২ কোটি ৩১ লক্ষ টাকা। ফলে ৪০ শতাংশের অংশীদারি হিসেবে পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে দিতে হবে ৫৫ হাজার ৫৮৯ কোটি ৬৯ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ৫৬ হাজার কোটি টাকা।

Advertisement

এই হিসেব নিয়েই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। তার আগেই শিবরাজ জি রাম জি প্রকল্পের বরাদ্দ, কেন্দ্র কত দেবে, রাজ্যকে কত দিতে হবে, বলছেন কী করে? রাজ্যকে  ৪০ শতাংশ অর্থ দিতে হবে। অথচ আমাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই কীভাবে একতরফা হিসেব কষছে মোদি সরকার? এ তো রাজ্যের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রের এই আইনের বিরোধিতাই করছে তৃণমূল। 
যদিও আইনের ভালো দিক বোঝাতে সব রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে শিবরাজ কথা বলবেন বলে মন্ত্রক সূত্রে খবর। তার আগে বিভিন্ন রাজ্যে গিয়ে তিনি মনরেগা শ্রমিকদের সঙ্গে কথা শুরু করেছেন। বোঝাচ্ছেন, ১০০ নয়,এবার ১২৫ দিন কাজ মিলবে। অথচ গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট বলছে, বছরে গড়ে ৫০ দিনের বেশি কোনও পরিবারই কাজ পায় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ