নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বৃষ্টি থেকে আপাতত রেহাই মিললেও তাপমাত্রা এখনই খুব একটা কমবে না। মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা দুই-এক ডিগ্রির মতো ওঠানামা করবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতল এলাকায় এখন সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের পাহাড় ও তার লাগোয়া কিছু এলাকা বাদ দিলে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে রয়েছে। ভোর ও রাতের দিকে খুব হালকা একটা শীতের অনুভূতি কোথাও কোথাও, বিশেষ করে গ্রামীণ এলাকা ও ফাঁকা জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু এটাকে শীত পড়ার ইঙ্গিত বলে মানছেন না আবহাওয়াবিদরা। শীতের মাত্রা সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে চিহ্নিত করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা ও লাগোয়া এলাকায় স্থায়ীভাবে ২০ ডিগ্রির নীচে এলে হালকা শীত পড়েছে বলে মনে করা হয়। কলকাতা ও লাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৩ ডিগ্রির আশপাশে রয়েছে।



