নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আক্রান্ত হলেন ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম। শনিবার রাতে বড়ো গোরস্থান পেরিয়ে উড়িয়াপাড়া ও মিদ্দেপাড়ার মাঝামাঝি এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ। তাতে গাড়ির কাচ ভেঙে যায়। চালক আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যান। উল্লেখ্য, শুক্রবারই আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আরাবুল। তারপর এদিন রাতে ঘটল হামলার ঘটনা। তবে দু’টি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রাক্তন বিধায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, সেটা এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবরে কেউ আটক বা গ্রেপ্তারও হয়নি।



