প্রতিমা নিরঞ্জনে আসা পুজো উদ্যোক্তাদের মাথায় হাত, উত্তেজনা বাবুঘাটে
  • ২২ অক্টোবর, ২০২৬ ১৫:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বাবুঘাটে চরম ভোগান্তি ও উত্তেজনা। একের পর এক প্রতিমা নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। কিন্তু রেলগেট বন্ধ থাকায় আটকে রয়েছে প্রতিমা নিরঞ্জন। অভিযোগ প্রথমে জানানো হয়েছিল দুপুর ২টোর সময় ভাসান শুরু হবে। তার আগে প্রতিমা নিরঞ্জন করা যাবে না। কিন্তু এরপর জানানো হয় বিকেল ৪টের আগে কোনোভাবেই প্রতিমা বিসর্জন সম্ভব নয়। 

Advertisement

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ছেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ রেল পরিষেবা বন্ধ থাকলেও ওভারহেড তারের বিদ্যুৎ সরবরাহ এখনও বন্ধ করা হয়নি। সেই কারণেই প্রতিমা নিরঞ্জনের অনুমতি মিলছে না। উদ্যোক্তাদের প্রশ্ন প্রতিবছর যেখানে সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে যায় সেইখানে এই বছর এমন পরিস্থিতি তৈরি হল কেন? তাঁরা আরও অভিযোগ জানান, আগে থেকে এই বিষয়ে কোনোরকম সতর্কবার্তা দেওয়া হয়নি। আগে থেকে জানানো হলে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হত। তাঁদের দাবি রেলের সঙ্গে রাজ্য সরকার কিংবা পুরসভার কোনোরকম সমন্বয় না থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে যত সময় এগোচ্ছে বাবুঘাটে প্রতিমা নিয়ে একের পর এক পুজো কমিটির লাইন দীর্ঘ হচ্ছে। বড় প্রতিমাগুলি নিয়ে সমস্যায় পড়েছেন উদ্যোক্তারা। শুধুমাত্র ছোট প্রতিমাগুলিকেই গেটের ফাঁক দিয়ে কোনোরকমে পার করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। বাকি প্রতিমাগুলি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। সব মিলিয়ে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে বাবুঘাটে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং আগাম ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। দ্রুত সমস্যার সমাধান করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।শেষে ৩টে ২১ মিনিট নাগাদ রেল গেট সরিয়ে প্রতিমা নিরঞ্জন শুরু করা হল।