রাজ্যের উদ্যোগ, বিনা খরচে কেদার-বদ্রী সহ ৪ ধাম দর্শন, আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের অগ্রাধিকার
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: রাজ্যের বহু মানুষের তীর্থযাত্রার স্বপ্ন পূরণের বড়ো উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সম্পূর্ণ বিনামূল্যে বাংলার বাসিন্দাদের চার ধাম যাত্রার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে রাজ্যের তরফে। সূত্রের খবর, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—উত্তরাখণ্ডের এই চার পবিত্র তীর্থক্ষেত্র দর্শনের সুযোগ করে দেওয়া হবে রাজ্যের উদ্যোগে। সেই ক্ষেত্রে মূলত বয়স্ক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই নিয়ে প্রাথমিক আলোচনা ও পরিকল্পনার কাজ অনেকটা এগিয়েছে। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। আর ২০২৭ সালেই এই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চার ধাম যাত্রার ব্যবস্থা এই প্রথম হতে চলেছে। এতদিন বহু মানুষ এই তীর্থ দর্শনের ইচ্ছা থাকলেও, আর্থিক সামর্থ্য এবং প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তা পূরণ করতে পারেননি। এবার তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মতো এই কর্মসূচিও দীর্ঘমেয়াদি ভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণে সঠিক পরিকল্পনা সাজিয়ে মন্ত্রিসভা থেকেও প্রকল্প চালুর অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়বে। 

Advertisement

চার ধাম দর্শন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। সাধারণত এপ্রিল বা মে মাসে থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে অবস্থিত এই চার ধাম যাত্রার সব থেকে ভালো সময়। শীতের তীব্রতা ও তুষারপাতের কারণে বাকি সময় মন্দির বন্ধ থাকে। আবার যাত্রাপথও যথেষ্ট দুর্গম। হরিদ্বার অথবা ঋষীকেশ হয়ে পৌঁছাতে হয় যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। এই তীর্থ যাত্রায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয় পায়ে হেঁটে। ফলে বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা এবং শারীরিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়ে মাথায় রেখেই রাজ্য সরকার পরিকল্পনা সাজাচ্ছে বলেই সূত্রটি জানিয়েছে। 
এর আগে সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, গুজরাত ও কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রায় ১১০০ তীর্থযাত্রীকে সেপ্টেম্বর মাসে বিনামূল্যে সোমনাথ মন্দির দর্শন করানো হয়েছিল। মহম্মদ গজনির মন্দির আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষ্যে ওই বিশেষ কর্মসূচি নেওয়া হয়। তবে চার ধাম যাত্রার প্রস্তাবিত উদ্যোগটি সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব কর্মসূচি হতে চলেছে বলেই জানা গিয়েছে। সোমনাথ যাত্রার মতোই চার ধাম যাত্রায় তীর্থযাত্রী নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসনের সাহায্য নেওয়া হতে পারে। আবার, আর্থিকভাবে দুর্বল ও বয়স্কদের অগ্রাধিকার দিতে আয়ের শংসাপত্র সহ প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখা হবে। আবেদন ও নির্বাচনের জন্য নির্দিষ্ট ব্যবস্থা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের কাছে যথাযথ সময়ে প্রকল্পের তথ্য পৌঁছে দিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর।