চাষিদের থেকে আরও ১২ লক্ষ  টন ধান কেনার সিদ্ধান্ত রাজ্যের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা আরও ১২ লক্ষ টন বাড়ানো হল। আগে খাদ্যদপ্তর জানিয়েছিল, ২০২৬-২৭ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে রাজ্যে মোট ২৪ লক্ষ ৬০ হাজার টন ধান কেনা হবে। নতুন নির্দেশে পরিমাণটি বাড়িয়ে ৩৬ লক্ষ ৩৯ হাজার টন করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা উপকৃত হবেন। কারণ আরও অধিক সংখ্যক চাষি বেশি পরিমাণে ধান সরকারের কাছে বেচতে পারবেন। সরকারের কাছে ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ধান বেচলে উপকৃত হবেন চাষিরা। কারণ কেন্দ্রীয় সরকার এবার সাধারণ ধানের জন্য কুইন্টাল প্রতি যে ২৪৪১ টাকা ধার্য করেছে, রাজ্য সরকার তার উপর ২০০ টাকা করে অতিরিক্ত দেবে। এমনিতেই সাধারণ পরিস্থিতিতে খোলা বাজারের দামের তুলনায় এমএসপি বেশি হয়। এবার তার সঙ্গে রাজ্য সরকার আরও টাকা দিচ্ছে। 

Advertisement

সেন্ট্রাল পুলের চালের জন্য শুধু চাষির থেকে ধান কেনার সিদ্ধান্ত  নিয়েছে রাজ্য। সেন্ট্রাল পুল থেকে মূলত রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতাভুক্ত ৬ কোটি রেশন গ্রাহকের জন্য চাল সরবরাহ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে এই গ্রাহকদের বরাদ্দ খাদ্যসামগ্রীতে চালের পরিমাণ বাড়াতে কেন্দ্র রাজি হয়েছে। বিষয়টি কার্যকর হবে ডিসেম্বর থেকে। 
রেশনে চালের বরাদ্দ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে রাজ্যের অনুরোধের বড়ো কারণ ছিল বাংলার কৃষকদের থেকে বেশি পরিমাণে ধানক্রয়ের সুযোগ সৃষ্টি। বেঙ্গল রাইস মিল ওনারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আব্দুল মালেক জানান, বেশি ধান কেনার ফলে রা঩জ্যের চাষিদের আয় বাড়বে। পাশাপাশি রাইস মিলগুলি আরও বেশি চাল তৈরি করতে পারবে। উদ্যোগটি ইতিবাচক হবে রাজ্যের অর্থনীতির পক্ষে। সরকারি উদ্যোগে চাষিদের থেকে ধান কেনা শুরু হবে ডিসেম্বরে। সরকারের কাছে ধান বিক্রির জন্য এখনো পর্যন্ত প্রায় সওয়া ৫ লক্ষ চাষি তাঁদের নাম লিখিয়েছেন। গত খরিফ মরশুমে সরকারি উদ্যোগে চাষিদের থেকে প্রায় ৪৬ লক্ষ টন ধান কেনা হয়েছিল।