চেন্নাই: সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে আদালতে বিপাকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তাঁর ২০২৩ সালের বিতর্কিত মন্তব্য ‘ঘৃণাভাষণ’। এসংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এমনই জানাল মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেরও তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, গত ১০০ বছর ধরে লাগাতার লাগাতার হিন্দুত্বের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ডিএমকে ও তার পূর্বসূরী। তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে সাজা পেয়েছেন অভিযোগকারীরাই। আদালত বলেছে, ঘৃণা ভাষণের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে তামিলনাড়ুতে কোনও মামলাই দায়ের হয়নি। সবকটি মামলাই রাজ্যের বাইরে হয়েছে।



