নয়াদিল্লি: পলাতক। এই ‘উপাধি’ জুড়ে রয়েছে ললিত মোদির নামের সঙ্গে। আইপিএলে আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় তাঁকে দেশে ফেরাতে তৎপর একাধিক এজেন্সি। কিন্তু সেটা কি আর আদৌ সম্ভব হবে? কারণ, ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন ভারতের প্রথম সারির এই ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’। দু’মাস আগেই। সরকারিভাবে। যদিও শনিবার তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। একে বলেছেন ‘জীবনের গৌরবজনক মুহূর্ত, নয়া অধ্যায়’। আর এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে তদন্তকারী মহলে। কারণ, ব্রিটিশ নাগরিক হয়ে যাওয়ায় ললিতকে দেশে ফেরানোর যে প্রক্রিয়া চলছিল, তা বিশবাঁও জলে চলে গেল। সেক্ষেত্রে জোর ধাক্কা খাবে দুর্নীতি মামলার তদন্ত।
২০১০ সালে আইপিএলে আর্থিক অনিয়মের অভিযোগে ললিতকে সাসপেন্ড করে বিসিসিআই।
তারপরই দেশ ছাড়েন তিনি। ছিলেন ব্রিটেনেই। ইডির আর্থিক তছরুপ মামলায় হাজিরা না দেওয়ায় ২০১৫ সালে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করেছিল বিশেষ আদালত। চলতি বছর ভারতের ফেরার
কথাও ঘোষণা করেছিলেন ললিত। মাঝে তাঁর ও আর এক ‘পলাতক’ বিজয় মালিয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে তাঁদের বলতে শোনা গিয়েছে, ‘আমরাই সবচেয়ে বড়ো পলাতক’। পরে সেই মন্তব্য নিয়ে সাফাইও দেন ললিত। সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনও শুরু হয়। কিন্তু সেই সব চর্চা ছাপিয়ে গিয়েছে তাঁর নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণা। শনিবার সোশ্যাল মিডিয়ায় এসংক্রান্ত একাধিক ছবি পোস্ট করেছেন ললিত। লিখেছেন, ‘ব্রিটিশ নাগরিক হতে পেরে আমি গর্বিত। ব্রিটেনই এখন আমার ঘর। গত ১৫ সেপ্টেম্বর পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই সম্মান পেয়েছি, যা আমার
হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’ কিন্তু, এই ঘোষণার জন্য কেন শনিবারকেই বেছে নিলেন? পোস্টের শেষে ললিত জানিয়েছেন, আজ ১৪ নভেম্বর রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। তাই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণার জন্য এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি।



