নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় মতোই ১৫ নভেম্বর অশোক রোডে নির্বাচন কমিশনের সদর দপ্তরে তিন ট্রাক নথি জমা দিল মমতাপন্থী তৃণমূল। এবং ফের প্রত্যয়ের সঙ্গে দাবি করল, তৃণমূল দলের প্রতীক এবং মালিকানা তাদেরই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-অরূপ রায়দের নয়। ওদের দেওয়া ৯ ট্রাক ভরতি নথির কোনো মূল্য নেই। দলের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন নির্বাচন সদনে গিয়ে কমিশনের প্রয়োজনীয় নথি জমা করেছেন। মমতাপন্থী তৃণমূল তাদের সপক্ষে কমিশনের নিয়ম মতো দলীয় সংবিধান, সাংসদ, বিধায়ক, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যদের সই সহ দলের মালিকানার প্রয়োজনীয় নথি জমা দিয়েছে। রাজ্যসভার ন’ জন এবং লোকসভার আটজন বর্তমান সাংসদ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ারপার্সন হিসাবে মেনে নিয়ে সই করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় ৩২ জন বিধায়ক, অসমের মান্দিয়ার তৃণমূল বিধায়ক শ্রেমন আলি আহমেদ, মেঘালয়ের মুকুল সাংমা, মিয়ানি ডি সুরার মতো পাঁচ বিধায়কের সই রয়েছে।
আছে সুব্রত বক্সির মতো প্রাক্তন, শুভাশিস চক্রবর্তীর মতো মমতার হাতে গড়া তৃণমূলের ছ’জন প্রতিষ্ঠতা সদস্যর স্বাক্ষরও। দলীয় সংবিধান মোতাবেক ২০২২ সালে দলের নির্বাচনে নির্বাচিত চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২০২৭পর্যন্ত থাকবেন। কোনো হোটেলে লোকদেখানো মিটিং ডেকে তাঁকে চেয়ারর্পাসনের পদ থেকে সরানো যায় না বলেও দাবি মমতাপন্থী তৃণমূলের। ফলে তাদের পক্ষে তৃণমূলের প্রকৃত মালিকানার দাবির সপক্ষে নথির শক্তি অনেক বেশি বলেই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, মমতাপন্থী এবং ঋতব্রতপন্থী—দু’ পক্ষ কমিশনে তাদের বক্তব্য জমা দেওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে মামলা যেহেতু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে, তাই নির্বাচন কমিশন তৃণমূলের প্রকৃত মালিকানা ইস্যুতে যে সিদ্ধান্তই জানাক না কেন, তা শীর্ষ আদালতে যাবেই বলে ওয়াকিবহাল মহলের মত।



