‘বিকল’ ব্রেকিং ব্যবস্থা নিয়েই ৪৬৩ কিমি ছুটল বন্দে ভারত! তদন্তের নির্দেশ রেলের
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পর্যাপ্ত ব্রেকিং ব্যবস্থা ছাড়াই ছুটল বন্দে ভারত এক্সপ্রেস! অল্পস্বল্প দূরত্ব নয়, একেবারে ৪৬৩ কিলোমিটার! গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে ওই বন্দে ভারতে কোনো যাত্রী ছিল না। কিন্তু ব্রেকিং ব্যবস্থার গোলমালের জন্য অন্য যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার শিকার হতে পারত বলে মনে করছে খোদ রেলই। অভিযোগ, ব্রেকের সমস্যার কথা চালকরা সংশ্লিষ্ট কর্মীদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনের ম্যানেজার (ডিআরএম)।  দক্ষিণ-পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘ব্রেকের পর্যাপ্ত ক্ষমতা ছাড়াই ট্রেন চালানো একটি গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা। এতে রেলকর্মী ও যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার মতো বড়ো দুর্ঘটনার আশঙ্কা থাকে। ট্রেনের পরিচালনাগত নিরাপত্তাও বিঘ্নিত হয়।’ ঘটনাচক্রে, এই ঘটনার কিছুদিন পরেই ব্রেকের সমস্যার জেরে গুয়াহাটির কাছে বেলাইন হয়ে গিয়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের একটি রেক ঝাড়খণ্ডের হাতিয়া স্টেশন থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি ইঞ্জিন (লোকোমোটিভ) ব্যবহার করা হয়। নির্দেশ মেনে ইঞ্জিনের চালক হাতিয়া স্টেশন ছাড়ার পর ব্রেক ফিল ও ব্রেক পাওয়ার টেস্ট করেন। তাতে দেখা যায়, বন্দে ভারতের রেকের ব্রেক ঠিকমতো কাজ করছে না। রাঁচি স্টেশন পৌঁছানোর পর চালক বিষয়টি সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে জানান। কিন্তু ওই অবস্থাতেই ট্রেনটিকে টেনে নিয়ে যেতে বলা হয়। এরপর মুরি স্টেশন থেকে অন্য এক চালক দায়িত্ব নেন। তিনিও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রায় অকেজো ব্রেকিং ব্যবস্থা সম্পর্কে জানান। কিন্তু কর্ণপাত করা হয়নি। শেষপর্যন্ত বন্দে ভারতের রেকটি উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছানোর পর রেলকর্মীরা পুরো ট্রেনটিকে পরীক্ষা করেন। দেখা যায়, বন্দে ভারতের প্রতিটি কামরার এয়ার ব্রেকিং সিস্টেম খোলা (আইসোলেটেড) অবস্থায় ছিল। এর ফলেই ইঞ্জিন থেকে ব্রেক ব্যবহার করা হলেও রেকে তা কাজ করেনি। 
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রক্ষণাবেক্ষণ কর্মী, সেকশন ও ট্র্যাকশন কন্ট্রোলার এবং ট্রেনের চালক—প্রত্যেকেরই গাফিলতি ছিল। ব্রেক ঠিকমতো কাজ করছিল কি না, রক্ষণাবেক্ষণ কর্মীরা তা খতিয়ে না দেখেই বন্দে ভারতের রেকটিকে নিয়ে যেতে বলেন। এরপর চালকরা সমস্যার কথা জানানোর পরেই সংশ্লিষ্ট কর্মীরা পদক্ষেপ করেননি। প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, যে ইঞ্জিন দিয়ে বন্দে ভারতের রেকটি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি মালগাড়ির জন্য ব্যবহৃত হয়। ফলে চালকরা বন্দে ভারতের ব্রেকিং ব্যবস্থা সম্পর্কে পরিচিত নন। ফলে কেন সমস্যা হচ্ছে, তা পরীক্ষা করে বুঝে উঠতে পারেননি। ৪৬৩ কিলোমিটার রাস্তা শুধুমাত্র ইঞ্জিনের ব্রেক ও রিজেনারিটিভ ব্রেকিংয়ের উপর ভরসা করে দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত ট্রেনটিকে নিয়ে যান তাঁরা। রাঁচির ডিআরএম জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মীদের কী কী গাফিলতি ছিল, তা নির্ণয় করার জন্য বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুণরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।