দিল্লি সহ ৭ রাজ্যে বাতিল ভোটারদের ফের ইনিউমারেশন ফর্ম, সুপ্রিম কোর্টে জানাল কমিশন
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইনিউমারেশন ফর্ম পূরণ না করায় এসআইআরের খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এমন ভোটাররা ফের সেই ফর্ম পূরণের সুযোগ পাবেন। শনিবার সুপ্রিম কোর্টে এক হলফনামা দিয়ে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। আরও জানানো হয়েছে, খসড়ায় বাদ পড়লে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬-এর মাধ্যমেও আবেদন জানানো যাবে। এক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থার  মুখে পড়তে হবে না। বর্তমানে  দিল্লি সহ যে সাতটি রাজ্যে এসআইআর চলছে, শুধুমাত্র সেখানকার বাদ পড়া ভোটাররাই এই সুবিধা পাবেন। হলফনামায় আরও বলা হয়েছে, যোগ্য ভোটারদের নাম যাতে তালিকায় থাকে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। এরইসঙ্গে অসংগতির সমাধানের চেষ্টাও চলছে।  অক্টোবরের শেষে দিল্লির এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, ফর্ম ৬ নতুন ভোটারদের জন্য। খসড়া তালিকায় বাদ ভোটারদের কেন ফর্ম ৬ দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে? অভিযোগ ওঠে, দিল্লিতে প্রচুর মানুষের কাছে ইনিউমারেশেন ফর্ম পৌঁছায়নি। তাঁদের ফর্ম দেওয়া হচ্ছে না। এমনকী ভোটার তালিকায় নাম তোলার জন্য ডেডলাইনও বেঁধে দেওয়া হচ্ছে। এনিয়ে কমিশনকে কড়া বার্তা দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্টের জানায়, নাম অন্তর্ভুক্তির জন্য কোনো ‘কাট-অফ ডেট নির্ধারণ করার দরকার নেই। যাঁরা ইনিউমারেশন ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সহজতর সমাধানের পথ বের করতে হবে। সেইসূত্রেই শনিবার কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্ম জমা না-দেওয়ায় যাঁদের নাম খসড়া থেকে বাদ পড়েছে, তাঁরা ফের এই ফর্ম জমার সুযোগ পাবেন। ইআরও, সহকারী ইআরও, বিএলও-র কাছে এমনকী অনলাইনে ইসিআইনেট পোর্টালে গিয়েও ফর্ম জমা দেওয়া যাবে। ভোটার নিজে বা পরিবারের সদস্যদের মাধ্যমেও ফর্ম জমা করতে পারবেন। ফর্মে ভোটাররা বর্তমান ঠিকানা উল্লেখ করতে পারবেন। ঠিকানা বদল না হলে ফর্মের সঙ্গে একটি বয়ান (অ্যানেক্সচার-বি) জমা দিতে হবে। সেখানে কেন আগে ফর্ম জমা দিতে পারেননি, তার কারণ ব্যাখ্যা করতে হবে।

Advertisement