নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের আসন্ন অধিবেশনে কি ফের সংবিধান সংশোধনের মোড়কে মোদি সরকার আনছে এলাকা পুনর্বিন্যাস (ডিলিমিটেশটন) বিল? রাজধানীর রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু সেই বিল কি পেশ হবে সংসদের বিশেষ কোনো অধিবেশন ডেকে? নাকি বাদল অধিবেশন পার্ট-টু’তে? কিংবা আজ-কালের মধ্যে রাষ্ট্রপতিকে দিয়ে বাদল অধিবেশন ‘প্রোরোগ’ করে ডিসেম্বর মাসের গোড়ায় ডাকা হবে শীতকালীন অধিবেশন? বিষয়টি নিয়ে বিজেপিও রয়েছে ধন্দে। কারণ, সবার আগে দরকার সাংসদ সংখ্যা। এলাকা পুনর্বিন্যাসের লক্ষ্যে সংবিধান সংশোধন বিল পাশ করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট। অর্থাৎ, লোকসভায় ৩৬২ জন সাংসদের সমর্থন। মোদি-অমিত শাহদের কাছে যা নেই। সেই কারণেই গত ১৭ এপ্রিল প্রবল চেষ্টা করেও ধাক্কা খেয়েছিল সরকার। এককাট্টা বিরোধীদের শক্তির কাছে হার মানতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। সরকার পক্ষ পেয়েছিল ২৯৮ ভোট। বিপক্ষে যায় ২৩০। গত ১২ বছরে এটাই মোদি সরকারের সবথেকে বড়ো সংসদীয় পরাজয়। স্বাভাবিকভাবেই শাসকদল বিজেপির কাছে এই বিল একপ্রকার প্রেস্টিজ ইস্যু।
সূত্রের খবর, নয়া এলাকা পুনর্বিন্যাস বিলে প্রত্যেক রাজ্যে বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ আসন বৃদ্ধিতে আইনি সিলমোহর দেওয়ার ‘টোপ’ দিয়ে ডিএমকে, এনসিপি (শারদ পাওয়ার)-এর মতো বিজেপি বিরোধীদের একাংশকে কাছে টানার চেষ্টা চলছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদারদের মতো বিক্ষুব্ধ ২০ তৃণমূল সাংসদকেও এবার পাশে পাবেন মোদি-শাহরা। ফলে বিলটি পাশ করা সহজ হবে বলেই সরকারের দাপুটে মন্ত্রীদের মত। তাই দলীয় সাংসদ তো বটেই, জোটসঙ্গী এমপিদেরও বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে কেউ বিদেশ যাবেন না। হয় দিল্লি, নয় নিজের নির্বাচনি এলাকাতেই থাকবেন, যাতে প্রয়োজন হলেই সংসদে হাজিরা দেওয়া যায়। সরকার তথা শাসক দলের একাংশের মত আবার গত এপ্রিলের মতো এবারও মহিলা সংরক্ষরণ আইন কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট বিলে যুক্ত করা হোক। এমনকি এই মওকায় ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধন বিলও পাশ করে নেওয়ার পক্ষেও অনেকে। তাঁদের যুক্তি, এমনটা হলে আগামী ২০২৯ সালেই ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করা যাবে। ওই বিলটি এখন সংসদীয় যৌথ কমিটিতে স্ক্রুনিটির মুখে। সেটি পাশ করাতেও দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। তাই সরকার কিছুটা হলেও টানাপোড়েনের মধ্যে রয়েছে।
সূত্রের খবর, আগামী ২০-২২ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকে কি এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাশ করানোর চেষ্টা হবে। সেটির পর বাদল অধিবেশন ‘প্রোরোগ’ করে ১৪ দিন পর শীতকালীন অধিবেশন ডাকা হবে। তবে সবার আগে হিসেব চলছে সংখ্যার। কারণ, লোকসভার বর্তমান ৫৪৩ টি আসন বাড়িয়ে ৮৫০ করতে (রাজ্যগুলির ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৫) হলে সংসদে ভোটাভুটির সময় দরকার ‘স্পেশাল মেজরিটি’। এনডিএ জোটে রয়েছে ৩২০ সাংসদ। বিক্ষুব্ধ তৃণমূলের ২০-র পাশাপাশি ডিএমকে-র ২২ আর এনসিপি (শারদ পাওয়ার)র আটজন ধরে ৫০ সাংসদের সমর্থন কি নিশ্চিত? নাকি, ভোটাভুটির সময় ওয়াক আউট, অনুপস্থিত অথবা ভোটদানে বিরত থাকার মতো ‘কৌশলে’ সদস্য সংখ্যা কমিয়ে ডিলিমিটেশনের সঙ্গেই মহিলা আইন কার্যকর করার চাল চালবেন মোদি-শাহ? জল্পনা তুঙ্গে!



