দূষণ কিছুটা কমলেও স্বস্তি নেই দিল্লিতে! মরশুমের সর্বনিম্ন তাপমাত্রায় বাড়ছে শীতের আমেজ
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ নভেম্বর: শীতের আমেজ বেশ মাথাচাড়া দিয়ে উঠছে রাজধানীতে। তারই মধ্যে দূষণের দাপট কিছুটা কমলেও স্বস্তি ফিরল না দিল্লিবাসীর। সোমবার সকালেও শহরের বাতাসের গুণমান রইল ‘খারাপ’-এর তালিকায়। যদিও রবিবার সন্ধ্যার তুলনায় বায়ুদূষণের মাত্রায় সামান্য উন্নতি হয়েছে। অন্যদিকে, মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে শুরু করেছে দিল্লিজুড়ে।

Advertisement

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৫ মিনিটে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২১। রবিবার সন্ধ্যায় এই সূচক ছিল ২৯০। অর্থাৎ, একদিনের ব্যবধানে দূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে শহরের অধিকাংশ এলাকায় বাতাসের গুণমান এখনও উদ্বেগজনক। দিল্লির দুটি পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুর মান ‘অতি খারাপ’ বিভাগে ছিল। এর মধ্যে সিরি ফোর্টে সর্বোচ্চ একিউআই রেকর্ড হয়েছে ৩৫৪। অন্যদিকে, ক্যান্টনমেন্ট এলাকায় বায়ুমান সূচক ছিল ৯৮, যা ‘সন্তোষজনক’ বিভাগের অন্তর্গত। 

অন্যদিকে, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এটিই এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ১১ নভেম্বরও একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পালামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। লোধি রোডে তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। রিজ এলাকায় ১৫.৩ ডিগ্রি এবং আয়ানগরে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শহরের প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজংয়েও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিল্লিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।