নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে ১ মার্চ এবং ৮ মার্চ। প্রথমে অর্থাৎ ১ মার্চ হবে গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা। আর ৮ মার্চ হবে গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা। সূত্রের খবর, এসএসসি এবং শিক্ষাদপ্তর সূত্রে নবান্নে ১ মার্চ এবং ১৫ মার্চ পরীক্ষার প্রস্তাব গিয়েছিল। তবে, ১৫ মার্চ ভোট ঘোষণার কাছাকাছি সময় বলে সেই দিনটি পরিবর্তনের প্রস্তাব এসেছে বলেই খবর। সেই কারণে এক সপ্তাহের ব্যবধানে দুটি রবিবার এই পরীক্ষা নেওয়া হতে পারে। প্রসঙ্গত, দু-ধরনের কর্মী নিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮,৪৭৮টি। জানা গিয়েছে, সব মিলিয়ে এপর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ১৬ লক্ষ।



