হংকং: পিস্তল হাতে দুরন্ত ছন্দে এষা সিং। চীনের নিংবোয় অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতলেন ভারতীয় শ্যুটার। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি হারালেন চীনের কিয়ানশুন ইয়াওকে। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে বাজিমাত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন এষা। বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় সোনার স্বাদ পেলেন ২০ বছর বয়সি ভারতীয় কন্যা। যার মধ্যে ২০২২ সালে জিতেছিলেন জোড়া সোনা। শ্যুটিং রেঞ্জ ছাড়ার আগে উচ্ছ্বসিত এষা বলেন, ‘বিশ্বকাপে সোনা জয় দারুণ আনন্দের। ফাইনালে রোমাঞ্চকর লড়াই হয়েছে। স্নায়ুর চাপ সামলে শেষপর্যন্ত কিয়ানশুনকে হারাতে পেরে আমি তৃপ্ত। এবার আমার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখা। তার আগে এই সাফল্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’
২০১৪ সালে শ্যুটিংয়ে হাতেখড়ি এষার। ২০১৫ সালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে তেলেঙ্গানা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে আবির্ভাব বড় মঞ্চে। আর পিছন ফিরে তাকাননি। বিশ্বকাপের তিনটি সোনার পাশাপাশি তাঁর কেবিনেটে ঝলমল করছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জোড়া খেতাব। তবে এদিন নিংবো ওলিম্পিক স্পোর্টস সেন্টারে ২০ বছর বয়সি এষার জয় অবশ্য সহজে আসেনি। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে জিতে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। ফাইনালে তাঁর স্কোর ২৪২.৬ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা চীনের শ্যুটার কিয়ানশুন ইয়াওরে ২৪২.৫। ওলিম্পিকসে সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার ইয়েজিন ওহ ২২০.৭ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। অপর ভারতীয় শ্যুটার রিদম সাংওয়ান পঞ্চম স্থান অর্জন করেছেন। এষার সাফল্যের সুবাদে পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। শীর্ষে রয়েছে চীন। তাদের ঝুলিতে দু’টি সোনা, চারটি রুপো ও একটি ব্রোঞ্জ।