Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর সংক্রান্ত বিষয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের। আর এখানেই ‘বিপত্তি’। সেই কারণে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিস পেয়েছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন।

এসআইআর সংক্রান্ত বিষয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের। আর এখানেই ‘বিপত্তি’। সেই কারণে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিস পেয়েছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। গত ৭ই জানুয়ারি তাঁর শান্তিনিকেতনের প্রতীচী’র বাড়িতে গিয়ে শুনানির নোটিশ ধরিয়ে আসেন সংশ্লিষ্ট এলাকার বিএলও। নোটিশে নির্দিষ্ট দিনে শুনানিতে উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি উপস্থাপনের কথা জানানো হয়েছিল বিএলও’র তরফে। যদিও সেই বিষয়কে কেন্দ্র করে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেনকে এইভাবে এসআইআরের শুনানির নোটিশ ধরানোর জন্য ক্ষোভপ্রকাশ করেন বাংলার বুদ্ধিজীবীরাও।

Advertisement

আজ অর্থাত্ শুক্রবার দুপুর ১২.৩৫ নাগাদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে পৌঁছেছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন প্রায় ১৫ মিনিট ধরে অমর্ত্য সেনের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। অমর্ত্য সেনের আধার কার্ড, পাসপোর্ট ও প্রয়াত মা অমিতা সেনের মৃত্যুর শংসাপত্রের ফটোকপি কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দেন পরিবারের সদস্যরা। বাড়ির সদস্যরা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের কাছে জানতে চান, অমর্ত্য সেনের ভারতরত্ন শংসাপত্রটিও এসআইআর ক্ষেত্রে জরুরি কি না? যদিও এই বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি। এদিন গোটা বিষয়টিকে কেন্দ্র করে ধিক্কার জানিয়েছেন নোবেলজয়ীর পরিবারের সদস্যরা। এছাড়াও এই সামগ্রিক বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে জোর কদমে।

Advertisement
সম্পর্কিত সংবাদ