নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কালীপুজো মিটতেই শিলিগুড়িতে পুরভোটের প্রস্তুতিতে নামল সবপক্ষই। দলের ভিত চাঙ্গা করতে দলীয় কার্যকর্তাদের নিয়ে ‘পার্টি ক্লাসের’ ধাঁচে পর্যালোচনা সভা করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তিনি বুথস্তরে সামাজিক কর্মসূচি ও নাগরিক পরিষেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে খবর। পালটা নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন ও বাড়ি বাড়ি বই বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এক্ষেত্রে কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসও বসে নেই। তারা নিঃশব্দে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুটি সাজাচ্ছে। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।
নতুন বছরের শুরুতেই এখানে পুরভোটের সম্ভাবনা প্রবল। কয়েকদিন আগে এখানে একটি কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেব্রুয়ারি মাসে পুরভোট করার ইঙ্গিত দেন। তাই পুজো মিটতেই পদ্মশিবির ভোটের প্রস্তুতি শুরু করেছে।
দলীয় সূত্রের খবর, এতদিন পুজোর মুডে ছিলেন কার্যকর্তারা। তাঁরা দুর্গা ও কালীপুজোয় বুকস্টল, সহায়তা কেন্দ্র খোলা এবং পুজো পরিক্রমায় ব্যস্ত ছিলেন। আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটাতেও ব্যস্ত ছিলেন। তা মিটতেই বুথস্তরে সামাজিক কর্মসূচি, ছোটো সভা, নাগরিকদের পাশে থাকা, সরকারি সুবিধা প্রদান, পুরনো কর্মীদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সোমবার এখানে ওয়ার্ড কো-অর্ডিনেটর, ইনচার্জ সহ দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। এখানে পার্টি ক্লাসের ধাঁচে সভা হয়। সেখানেই সংশ্লিষ্ট কর্মসূচিগুলি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বুথস্তরে দলের অবস্থা সম্পর্কে খোঁজ নেন দলের রাজ্য সাধারণ সম্পাদক।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি অসীমচন্দ্র বর্মন বলেন, পুরভোটে বিরোধীদের সাফ করতে হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। রাজ্য সাধারণ সম্পাদকের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
এদিকে, পুরভোট নিয়ে ওয়ামআপে আরও জোর দিচ্ছে সিপিএম। ইতিমধ্যে তারা বাড়ি বাড়ি গিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছে। পানীয় জলের সংকট, বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা, ভাতা না মেলা সহ বিভিন্ন ইস্যুতে ওয়ার্ড স্তরে তারা মিছিল, সভা করছে। আগামী ১৫ নভেম্বর তারা বাড়ি বাড়ি গিয়ে বই বিলি করবে। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির নেতা শরদিন্দু চক্রবর্তী বলেন, বিজেপিকে হটাতে আমরা মাঠে ছিলাম, আছি, থাকব।
কংগ্রেসও পিছিয়ে নেই। তারা এসআইআর সহ বিভিন্ন ইস্যু নিয়ে পাড়ায় পাড়ায় বৈঠক করছে। তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। দলের দার্জিলিং জেলা সভাপতি সুবীন ভৌমিক বলেন, পুরভোটের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি।
অন্যদিকে, রাজ্যে পালাবদলের পর ঝিমিয়ে পড়েছিল মমতাপন্থী তৃণমূল। এখন তারা গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) কুন্তল রায় বলেন, ইতিমধ্যে বৈঠক করে পুরভোটের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শীঘ্রই ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গড়া হবে।



