নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের তিন-চারজন বিধায়কের কাজে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। দলের অনুশাসন না মেনে তাঁরা নিজেদের মতো করে চলছেন। কয়েক মাসের মধ্যে তাঁদের ভোল বদল নেতৃত্ব মোটেও ভালভাবে দেখছে না। জনমানসেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এলাকার নেতৃত্বের সঙ্গেও তাঁদের দূরত্ব তৈরি হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাংগঠনিকভাবে বিধায়কদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। এখন এলাকায় তাঁরাই শেষ কথা। কোথায় কী কাজ হবে, সংগঠনে কাকে প্রাধান্য দেওয়া হবে সবটাই তাঁরা নিয়ন্ত্রণ করছেন। আগামী দিনে সেটা হবে না। আরএসএস নিজেদের পছন্দের লোকজনদের সংগঠনে নিয়ে আসছে। কয়েক দিনের মধ্যেই সমস্ত মোর্চার নতুন কমিটি গঠন করা হবে। সেই কমিটিই সাংগঠনিক কাজ দেখভাল করবেন। বিজেপির এক নেতা বলেন, বাংলায় বহু কসরত করে দল ক্ষমতায় এসেছে। জনতার প্রত্যাশাও অনেক। কিন্তু, কয়েকজন বিধায়ক নিজেদের প্রতিষ্ঠিত করতে গিয়ে জনতার মোহভঙ্গ করেছে। তবে নির্দিষ্ট কয়েকজন বাদ দিলে বাকি বিধায়কদের কাজে নেতৃত্ব সন্তুষ্ট। এক বিধায়ক প্রকাশ্যে দলের তোলাবাজির প্রতিবাদ করেছেন। তিনি নিজে প্রতিটি এলাকায় পৌঁছে জনগণকে আশ্বস্ত করছেন। কোনো অবৈধ কাজের সঙ্গে এখনো তাঁর নাম জড়ায়নি। এরকম আরও কয়েকজন বিধায়কও নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তিন চারজনকে নিয়ে এখন থেকেই নানা গুঞ্জন তৈরি হয়েছে। সেটা নেতৃত্বের কানেও পৌঁছেছে। সবকিছু এখন তাঁরা পর্যবেক্ষণ করছেন। সময় মতো পদক্ষেপ নেবেন।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, জেলা থেকে বুথস্তরের পদাধিকারী নির্বাচনে ঝাড়াই বাছাই চলছে। মূলত আরএসএসের সংস্পর্শে থাকা নেতারাই গুরুত্ব পাবেন। পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তাঁদের মতামত গুরুত্ব দেওয়া হবে। দলের কর্মসূচিও তাঁরা ঠিক করবেন। দলের আরেক নেতা বলেন, কয়েকজন বিধায়ককে নিয়ে কোনো সমস্যা নেই। তাঁরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। আগে সেভাবে রাজনীতি না করলেও কয়েক মাসেই তাঁরা পরিপক্ক হয়ে উঠেছেন। সামনের লোকসভা নির্বাচন দলের পাখির চোখ। পূর্ব বর্ধমানে দুটি আসনই তাঁদের টার্গেট। সেই কারণে বুথস্তরের সংগঠন মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথের নেতাদের উপরই ভরসা করে দল এগিয়ে যেতে চাইছে। সাংগঠনিক পদাধিকারী নির্বাচনে বিধায়কদের মতামতের থেকে আরএসএসের সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছে। কর্মীদের দাবি, আরএসএস পুরোপুরি ভাবে সংগঠনের হাল ধরলে ভালই হবে।



