সংবাদদাতা, বিষ্ণুপুর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিতে জখম হয়েছেন বিষ্ণুপুরের এক সিআরপিএফ জওয়ান। শান্তনু চন্দ্র নামে ওই জওয়ানের বাড়ি শহরের শাঁখারিবাজারে। বুধবার দুপুরে ডিউটি চলাকালীন জঙ্গিদের হামলার মুখে পড়েন। জঙ্গিদের একটি গুলি শান্তনুর হাতে লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। তবে তিনি এখন কিছুটা সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছেন। বাঁকুড়া জেলার পুলিশ সুপার পিভিজি সতীশ বলেন, শান্তনুবাবুর আঘাত গুরুতর নয়। তিনি হাসপাতাল থেকে বারাকে ফিরে গিয়েছেন। শান্তনুর ভাগ্নে সুপ্রভাত চক্রবর্তী বলেন, সন্ধ্যায় মামার সঙ্গে কথা হয়েছে। এখন সুস্থ আছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তনু ২০১২ সালে সিআরপিএফে যোগদান করেন। বর্তমানে তিনি কাশ্মীরের অনন্তনাগে কর্মরত রয়েছেন। প্রায়দিনই ফোনে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এদিন সকালেও তাঁদের কথা হয়।



