সংবাদদাতা, কাটোয়া : দু’ বার টেন্ডার প্রক্রিয়া বাতিল করতে হয়েছে। পুনরায় টেন্ডার ডাকা হয়েছে। কাটোয়া-বর্ধমান রোডের লাইফলাইন নিগন সেতুর সংস্কার এবার শীঘ্রই শুরু হবে। তারজন্য ২ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ পাশাপাশি কাটোয়া-বর্ধমান রোড সম্প্রসারণও হবে। টানা পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে নিগন সেতু৷ বাস পরিষেবাও কার্যত বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।
মঙ্গলকোটের বিদায়ক শিশির ঘোষ বলেন, বাম আমলে সেতুটি তৈরি হয়েছিল। খুব বেশি দিন হয়নি। তারমধ্যেই সেতুর একদিক বসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলেই ভাবুন কেমন কাজ হয়েছিল। আমরা সেতুর জন্য টাকা বরাদ্দ করেছি। আগে দু’বার টেন্ডার বাতিল হয়েছিল কিছু টেকনিক্যাল কারণে। চলতি মাসেই নতুন টেণ্ডার ডাকা হয়েছে। আশাকরি দ্রুত এবার সংস্কারের কাজ শুরু হবে।
মঙ্গলকোটের নিগন সেতুকে চলতি বছরের জুলাই মাসে ‘দূর্বল’ ঘোষনা করেছিল পূর্তদপ্তর। সেতুর একদিক বসে গিয়েছে। বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হয়েছে। সেতুর দুই প্রান্তেই লোহার বিম বসিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এখন ছোটো গাড়ি ও বাইক যাতায়াত হয় ওই সেতু দিয়ে। ঘুরপথে বর্ধমান যেতে হচ্ছে বাসযাত্রীদের। তাতে যাত্রীদের হয়রানি হতে হচ্ছে। বাসিন্দাদের দাবি, আগে সেতুর স্বাস্থ্য কেন পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গিয়েছে, কাটোয়া-বর্ধমান রোডের উপর নিগন চটিতে ব্রহ্মানী নদীর উপরে নিগন সেতুটি রয়েছে। সেখানে এর আগে পুরানো একটি সেতু ছিল। সেটি সংকীর্ণ৷ পরে ২০০১ সালে ওই সেতুর পাশেই বড় চওড়া সেতু তৈরি হয়৷ রাজ্যের তৎকালীন পূর্তদপ্তরের মন্ত্রী ক্ষিতি গোষ্বামী উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই সেতুর রক্ষণাবেক্ষণে আর গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এখন সেতুর নীচের পিলারের কাছে একটা অংশ ভেঙে গিয়েছে। যারফলে সেতুর একদিক বসে গিয়েছে। কার্যত সেতুর একদিক হেলে গিয়েছে। এছাড়াও সেতুর উপরেও একাধিক জায়গা বেহাল। গার্ডরেলে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় ফাটল ধরেছে। সেতুর জয়েন্ট বেল্টেও বেহাল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, এই সেতুর অবস্থা অনেক বছর আগেই বেহাল হয়ে গিয়েছিল। তারপরেও সংস্কার করা হয় নি৷চলতি বছরের জুলাই মাসে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা এসে সেতুটিকে ‘দূর্বল’ ঘোষনা করেছেন৷ তাঁরা সেতুর একাংশ বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন। তার পাশ দিয়েই এতদিন যাত্রীবাহী বাস চলাচল করছিল৷ এছাড়াও নানা যান চলাচল করছিল৷ যদিও তখন ভারী গাড়ির ক্ষেত্রে রুট পরিবর্তন করা হয়েছিল। এবার কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ক্ষেত্রে যাত্রী বাহী বাস পরিষেবা কার্যত বন্ধ রয়েছে৷ আগে যেখানে এই রুটে দেড়শ এর বেশি বাস চলাচল করত। এখন সে জায়গায় মাত্র তিরিশটি বাস যাচ্ছে। তাও ঘুরপথে। আবার কিছু বাস নিগন সেতুর অপর প্রান্তে দাঁড়িয়ে থাকছে। এতে যাত্রীদের চরম নাকাল হতে হচ্ছে। কাটোয়ার বাসিন্দা নিমাই মেটে, বংশী হালদার বলছেন, বর্ধমান যেতে বাসে করে যে সময় লাগছে তাতে আমাদের চরম নাকাল হতে হচ্ছে৷ -নিজস্ব চিত্র



