পাহাড়ে তুষারপাত, সমতলে শিলাবৃষ্টিতে শীতের আমেজ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: হেমন্তেই পাহাড়ে ফের তুষারপাত! সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি। ফলে বুধবার দুপুর থেকে ঠান্ডার দাপট বেড়েছে উত্তরবঙ্গের পাহাড়ে। আর সমতলে তৈরি হয়েছে শীতের আমেজ। সৌজন্যে পশ্চিমীঝঞ্ঝা ও নিম্নচাপ। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা উচ্ছ্বসিত। সকলেরই ধারণা, শীত আগমনের বার্তা দিচ্ছে এই আবহাওয়া। এবার হয়তো এখানে কিছুটা আগেই শীত প্রবেশ করবে। 

Advertisement

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ রঞ্জন রায় বলেন, হিমালয় অঞ্চলে একটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। আর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবে পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাত এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। এতে শীতের আমেজ বাড়বে। দু’দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ছটপু঩জো পর্যন্ত শীতের আমেজ থাকবে। 
কয়েকদিন আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট, ছাঙ্গু প্রভৃতি এলাকায় তুষারপাত হয়। পুজোর আগেও উত্তর সিকিমে এমন ঘটনা ঘটেছে। এদিন আচমকাই দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের জিরো পয়েন্টে তুষারপাত হয়েছে। রাস্তা, বাড়ি, গাছের পাতা সাদা বরফের চাদরে ঢেকে যায়। এনিয়ে পর্যটন ব্যবসায়ী ও পর্যটকরা উচ্ছ্বসিত। 
স্থানীয়রা বলেন, কয়েকদিন ধরেই পাহাড়ে শীতের কামড় বাড়ছিল। এদিন আচমকা তুষারপাত ও বৃষ্টির পর পাহাড়ে চেহারটা পালটে যায়। পর্যটকদের একাংশ বলেন, তুষারপাতের পর ক্যানভাসে আঁকা ছবির মতো লাগছে পাহাড়। ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, তুষারপাতের খবর চাউর হতেই পাহাড় ভ্রমণ নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ বাড়ছে। অনেকে আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। 
এদিকে, কালিম্পং পাহাড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। যারমধ্যে ঋষভে শিলাবৃষ্টির দাপট ছিল বেশি। কিছুক্ষণের মধ্যে রাস্তা, বাড়ির ছাদ, গাছপালা সব শিলায় ঢেকে যায়। কলকাতার শোভাবাজার থেকে মা-বাবার সঙ্গে আসা পর্যটক দামিনী ঘোষ বলেন, আমরা তিনদিন হল এসেছি। মঙ্গলবার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এখন উলটো আবহাওয়া। বৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টির পর মনে হচ্ছে তুষারপাত হয়েছে। কনকনে শীত। দারুণ উপভোগ করছি। কলকাতার টালিগঞ্জ থেকে আসা আরএক পর্যটক অঙ্কিতা নাথ বলেন, এক কথায় অসাধারণ। 
এদিন সকাল থেকে শিলিগুড়ির আকাশ ছিল মেঘমুক্ত। রোদ ঝলমলে আবহাওয়া। আচমকা দুপুরের পর শিলিগুড়ির আকাশে জমে কালো মেঘ। সঙ্গে শীতল হাওয়াও চলে। সন্ধ্যায় শহর ও গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকেও ছিল শিলাবৃষ্টির দাপট। এতে পাকা ধান ও শীতের সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বেলাকোবার শিকারপুর গ্রামে শিলাবৃষ্টির দাপটে জমিতে থাকা পটল, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বিন্‌স নষ্ট হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।