সংবাদদাতা, নদীয়া: কালীপ্রতিমা নিরঞ্জনের সময় ঘটল বিপত্তি। জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে গুরুতরভাবে জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন সার্ভিস রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়ার বিন পাড়া থেকে কালীপ্রতিমা নিয়ে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলেন পুজো উদ্যোক্তারা। সেই সময় জেনারেটরবাহী গাড়িতে বসে থাকা এক মহিলার চুল হঠাৎই জেনারেটরের যন্ত্রাংশে জড়িয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন সোমা বিন নামে ২৫ বছরের এক গৃহবধূ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে রানাঘাটে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি কল্যাণী এইমস-এ ভর্তি রয়েছেন।



