সীমান্তে ছটপুজো ঘিরে কড়া নিরাপত্তা ঘাট পরিদর্শনে বিধায়ক ও প্রশাসনিক কর্তারা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংরাবান্ধার ধরলা নদীর ঘাটে এবারও কড়া পুলিশ ও বিএসএফের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত হবে ছটপুজো। পুজোকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে প্রশাসন। মঙ্গলবার ছটপুজোর ঘাট পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক লোপসাং তামাং, বিডিও নরেশরাজ রাই সহ পুলিশ ও বিএসএফের আধিকারিকরা। 

Advertisement

উল্লেখ্য, ধরলা নদীর উন্মুক্ত সীমান্ত এলাকায় অতীতে একাধিকবার ওপার থেকে বাংলাদেশিদের অনুপ্রবেশ ও দৌরাত্ম্যের অভিযোগ সামনে এসেছে। কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা ভারতে ঢুকে ছটপুজোর মঞ্চ ভাঙচুর করেছিল। সেই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার ছটপুজোকে কেন্দ্র করে যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। কয়েক দিন আগেই এই ছটপুজোর ঘাট পরিদর্শন করে গিয়েছেন উত্তরবঙ্গ পুলিশের আইজি সুকেশ জৈন, ডিআইজি প্রশান্তকুমার চৌধুরী, কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব এবং জেলা পুলিশ সুপার মণীশ যোশী সহ অন্যান্য আধিকারিক। ঘাট পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যদের সঙ্গেও তাঁরা কথা বলেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। 
চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনির্মল গুহ জানান, প্রতিবছরই সীমান্তবর্তী এই নদীঘাটে ছটপুজোর আয়োজন করা হয়। জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই উৎসবে অংশ নেন। তবে এলাকাটি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা হওয়ায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এদিন প্রশাসনের আধিকারিকরা ঘাট পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দিকে নজর দেওয়া হচ্ছে। এদিন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা মেখলিগঞ্জের জয়ী সেতু সংলগ্ন ছটপুজোর ঘাটও পরিদর্শন করেন। মেখলিগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু পুণ্যার্থী এই ঘাটে ছটপুজোয় অংশ নেন। সেখানেও পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।