ভাইফোঁটার বাজারে শান্তিনিকেতনে পাঞ্জাবি ও কাঁথা স্টিচের চাহিদা তুঙ্গে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ভাইফোঁটা উপলক্ষ্যে বোলপুর-শান্তিনিকেতনের বাজারে জমে উঠেছে কেনাকাটা। ভাই-বোন উভয়েই একে অপরের জন্য উপহার কিনতে মঙ্গলবার ভিড় করেন বিভিন্ন দোকানে। তবে এবারের ভাইফোঁটার বাজারে বিশেষ নজর কাড়ছে কাঁথা স্টিচ ও হ্যান্ড অ্যাপ্লিকের পাঞ্জাবি এবং কাঁথাস্টিচের শাড়ি। পাশাপাশি হ্যান্ডবাটিকের পোশাক, শর্ট কুর্তা এবং আজরাখ ও ন্যাচারাল প্রিন্টের পোশাকের প্রতিও ক্রেতাদের আগ্রহ রয়েছে। শান্তিনিকেতনের নিজস্ব হস্তশিল্পের পোশাকের প্রতি ক্রেতাদের বরাবরই আলাদা আকর্ষণ রয়েছে। সেই ধারায় এবারও ভাইফোঁটার উপহারের তালিকায় রয়েছে বাটিকের পাঞ্জাবি, কাঁথা স্টিচ ও হ্যান্ড অ্যাপ্লিকের পাঞ্জাবি। বিশেষ করে আজরাখ ও ন্যাচারাল প্রিন্টের চাহিদা বেশি। পাঞ্জাবির পাশাপাশি শর্ট কুর্তাও কিনছেন অনেকে।অন্যদিকে, বোনেদের উপহারের তালিকায় রয়েছে কাঁথাস্টিচের শাড়ি। পিওর সিল্কের কাঁথাস্টিচের শাড়ির দাম শুরু হচ্ছে ৭ হাজার টাকা থেকে। ব্লেন্ডেড সিল্কের কাঁথাস্টিচের শাড়ি মিলছে দেড় হাজার টাকা থেকে। এছাড়া                                                                    শান্তিনিকেতনের নিজস্ব হ্যান্ডবাটিক কটন শাড়ির দাম শুরু হচ্ছে ১,৮০০ টাকা থেকে। পিওর কটনের শাড়ির দাম শুরু ৬ হাজার টাকা থেকে।শহরের প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী রাম সাউ জানান, ভাইফোঁটার বাজারে এবার পাঞ্জাবি ও শাড়ির ভালো চাহিদা রয়েছে। কাঁথা স্টিচ ও হ্যান্ডঅ্যাপ্লিকের পাঞ্জাবি ৫০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, কুর্তার দাম শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে। আজরাখ ও ন্যাচারাল প্রিন্টের পোশাকের প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ রয়েছে। শাড়ির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কাজ ও কাপড় অনুযায়ী দামের পার্থক্য রয়েছে। পিওর সিল্ক, ব্লেন্ডেড সিল্ক এবং কটনের শাড়ি কিনছেন ক্রেতারা। শুধু বোলপুরের দোকানেই নয়, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটেও ভাইফোঁটাকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ততা দেখা যায়। হাটের শিল্পী তন্ময় মিত্র বলেন, ভাইফোঁটার আগে প্রতিবারই এই হাটে ভালো কেনাকাটা হয়। অনেকেই ভাইদের উপহার দেওয়ার জন্য কেনাকাটা করতে আসেন। আবার দাদা-ভাইয়েরাও তাঁদের বোনেদের উপহার দেওয়ার জন্য শাড়ি-সহ বিভিন্ন সামগ্রী কেনেন। এবারের ভাইফোঁটাকে কেন্দ্র করে বোলপুর-শান্তিনিকেতনের বাজারে উৎসবের আমেজ। উপহারের তালিকায় এবারও বিশেষ জায়গা করে নিয়েছে বাংলার হস্তশিল্প ও নিজস্ব পোশাকের ঐতিহ্য। 

Advertisement