ধুবুলিয়া স্টল থেকে বই নিয়ে চম্পট বিজেপি কর্মী, ভাঙচুর, অভিযোগ বামেদের
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দুর্গাপুজোর সময় বামেদের বুক স্টলে হামলা, বই ছুড়ে ফেলে দেওয়া, এমনকী বইয়ে লাথি মারার অভিযোগ উঠেছিল নদীয়ার একাধিক জায়গায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বইয়ের স্টল থেকে বই নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কালীপুজোর রাতে ধুবুলিয়ার ৬ নম্বর এলাকায় সিপিএমের বুক স্টলকে কেন্দ্র করে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বামেদের অভিযোগ, স্টলে ঢুকে একাধিক বই টেনে নিয়ে চলে যান বিজেপির লোকজন। মঙ্গলবার সকালে এই ঘটনার প্রতিবাদে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন সিপিএম নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, কালীপুজোর প্যান্ডেলে বসে ভারত বিরোধী বই বিক্রি করা চলবে না। 
বামেদের বক্তব্য, ধুবুলিয়ার ৬ নম্বর এলাকায় প্রতি বছরই তাঁদের বুক স্টল বসে। এবারও সোমবার রাতে স্টল উদ্বোধনের প্রস্তুতি চলছিল। অভিযোগ, উদ্বোধনের আগে থেকেই কয়েকজন পরিচিত বিজেপি কর্মীকে স্টলের সামনে জড়ো হতে দেখা যায়। এরপর স্টল উদ্বোধন হয়ে বই বিক্রি শুরু হতেই সেখানে হাজির হন একদল লোক। তাঁরা স্টলে রাখা কয়েকটি বই নিয়ে আপত্তি জানান। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এসআইআর বিরোধী বই, লেনিন ও মার্কসের বই রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়। বামেদের দাবি, তাঁদের স্টলে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইও ছিল। কিন্তু আপত্তির মধ্যেই কয়েকজন স্টলের ভিতর থেকে বই টেনে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, জ্ঞানেশ কুমারকে নিয়ে সমালোচনা বা তাঁর বিরুদ্ধে লেখা বই যদি দেশবিরোধী হয়, তাহলে কি জ্ঞানেশ কুমারই গোটা দেশের প্রতীক?
বামেদের আরও অভিযোগ, প্রথমে স্টলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। স্টল ভাঙচুরেরও চেষ্টা চলে। যদিও সেই চেষ্টা প্রতিহত করা হয়। এরপর অভিযুক্তরা পাশের সিপিআই (এমএল) লিবারেশনের স্টলে চলে যান। কিছুক্ষণ পর আরও বেশি সংখ্যায় লোকজন নিয়ে তাঁরা ফের ফিরে আসেন। তখন তাঁদের দাবি ছিল, স্টলে কালীঠাকুরের ছবি লাগাতে হবে। পাশাপাশি ফ্লেক্সে ‘দীপাবলি’ শব্দটি লিখতে হবে বলেও চাপ দেওয়া হয়। এই নিয়ে দু’ পক্ষের মধ্যে ফের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি শুরু হয়।
ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা সুমিত বিশ্বাস বলেন, ‘বাংলার সংস্কৃতিতে বইকে জ্ঞানের ভাণ্ডার হিসেবেই ব্যবহার করা হয়। জ্ঞানের ভাণ্ডারের উপর যারা আক্রমণ করে, তাদের জ্ঞানপাপী বলা ছাড়া আর কী বলা যায়! শেষ পর্যন্ত সাধারণ মানুষও প্রতিরোধ করেছেন। এই আক্রমণ যত হবে, সাধারণ মানুষ ততই তা প্রত্যাখ্যান করবেন। বিজেপির কথা ও প্রশাসনের বক্তব্যের মধ্যে অদ্ভুত মিল দেখা যাচ্ছে। তৃণমূলের আমলে প্রশাসনের যে ভূমিকা দেখা গিয়েছিল, বিজেপির আমলেও পুলিশ একই পথে চললে তাদেরও একই পরিণতি হবে।’
অন্যদিকে, অভিযোগ অস্বীকার না করে ঘটনার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন নদীয়া উত্তর বিজেপির সহ সভাপতি তথা ধুবুলিয়ার বিজেপি নেতা রঞ্জন অধিকারী। তিনি বলেন, ‘তাঁদের বলা হয়েছিল, আপনারা সনাতনী বিরোধী, ধর্মবিরোধী এবং নাস্তিক। তা হলে পুজোর প্যান্ডেলে বসে বই বিক্রি করার দরকার কী? অন্য মেলা বা অন্য জায়গায় বই বিক্রি করুন। পুজোর প্যান্ডেলে বসে কোনো ভারত বিরোধী বই বিক্রি করা চলবে না। কিন্তু অপর পক্ষের উস্কানিমূলক কথাবার্তার জেরেই কিছুটা গন্ডগোল হয়। তবে মারপিট হয়নি।’ 

Advertisement