ছ’টি কুনকি হাতি, ১০টি গাড়ি, ১৭০ জন বনকর্মীর ‘নজরবন্দি’ বক্সার রানি
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রবীন রায়, আলিপুরদুয়ার: কুমারগ্রামের সংকোশ নদীকেই অসম-বাংলা দুই রাজ্যের সীমানা ধরা হয়। বক্সার বাঘিনির অসমের রায়মোনা টাইগার রিজার্ভের জঙ্গলে যাওয়া আটকাতে রাজ্য বনদপ্তর এখন এই সংকোশ নদীকেই পাখির চোখ করেছে। মরিয়া বনদপ্তর তাই সংকোশ নদীর ধারে রীতিমতো ‘মানব প্রাচীর’ তৈরি করে ফেলেছে। বর্তমানে র‌য়্যাল বেঙ্গল টাইগারটি চুনিয়াঝোরা চা বাগানের পাশে বক্সার বাজেখোলার ঘনজঙ্গলে অবস্থান করছে। ওই এলাকা থেকে কুমারগ্রামের সংকোশ নদীর দূরত্ব খুব একটা বেশি নয়। 

Advertisement

বাঘিনির অসমে যাওয়া আটকাতে সংকোশ নদীর ধারে ৬০ জন বনকর্মীর মানব প্রাচীর তৈরি করা হয়েছে। অতিরিক্ত হিসাবে বক্সার জঙ্গলের দিকে আরও ১১০ জন বনকর্মী তীক্ষ্ণ নজর রাখছেন। বাঘিনির ওপর নজরদারি বাড়াতে আগে থেকেই বক্সার জঙ্গলে কাজে লাগানো হয়েছে তিন কুনকি হাতি সারথী, ভিট্টালা ও ভরতকে। মঙ্গলবার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে আনা হয়েছে আরও তিনটি কুনকি হাতি দর্শন, কুঞ্জরেশ ও শৈলীকে। মোট ছ’টি কুনকি হাতি দিয়ে বনকর্মীরা বাঘিনির প্রহরায় কাজ করছেন। বাঘিনির নজরদারির জন্য ১০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। 
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সংকোশ নদীর চৌধুরীঘাট দিয়ে বাঘিনি অসমের রায়মোনা টাইগার রিজার্ভের জঙ্গলে চলে যায়। বাঘিনির বর্তমান অবস্থান যেখানে, সেই বাজেখোলার খুব কাছেই সংকোশ। বক্সার রানিকে অসমে যেতে হলে ফের সংকোশ নদী পার হতেই হবে। বাজেখোলায় অবস্থানের কারণে ধরেই নেওয়া হচ্ছে বাঘিনির মন এখন ফের পূর্বমুখী অসমের দিকে। তাই সংকোশ নদীর দিকেই এখন যাবতীয় নজরদারি বনদপ্তরের। কুনকি হাতি দিয়ে বাঘিনিকে পশ্চিম দিকে বক্সার মূল ভূখণ্ডে ফেরানোই প্রধান লক্ষ্য। রাজ্য বনদপ্তর ইতিমধ্যেই বক্সার বাঘিনির এই প্রবণতার কথা অসম বনদপ্তরকে জানিয়ে দিয়েছে। 
প্রসঙ্গত, গত রবিবার বক্সার ২৫ মাইল টাওয়ারের জঙ্গলের নির্দিষ্ট ঘেরাটোপের ভিতরে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে বেরিয়ে যায় বাঘিনি। যদিও মঙ্গলবার রাজ্য বনদপ্তরের কোনো আধিকারিক আর এনিয়ে কিছু বলতে চাননি। বাঘিনির বর্তমান হাল হকিকত জানতে এদিন একাধিকবার ফোন করা হলে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ ফোন রিসিভ করেননি। তবে অসম রাজ্য বনদপ্তরের অতিরিক্ত মুখ্য বনপাল সোনালি ঘোষ বলেন, বাঘ বা কোনো বন্যপ্রাণীকে নির্দিষ্ট সীমারেখার মধ্যে আটকে রাখা যায় না। পশ্চিমবঙ্গ রাজ্য বনদপ্তর চেষ্টা করছে বক্সার জঙ্গলে বাঘিনিকে ধরে রাখার। সম্ভাব্য সবকিছুর জন্য আমরাও তৈরি আছি।