সংবাদদাতা, মাথাভাঙা : ভাইফোঁটার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের মাথাভাঙা। বুধবার ভোরে মাথাভাঙা রাজ্য সড়কের শিকারপুরে মুরগি বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন বন্ধুর। পর পর পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে ব্যাপক আলোড়ন পড়েছে মাথাভাঙা জুড়ে। মৃতদের নাম সঞ্জয় রবিদাস, নীলাদ্রি শেখর রায় ও শুভজিৎ সরকার। প্রত্যেকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। তিনজনেরই বাড়ি ছিল মাথাভাঙ্গার পচাগড় এলাকায়।
বুধবার ভোর পাঁচটা নাগাদ একই মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শিকারপুরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শিলিগুড়িগামী মুরগি ভর্তি ট্রাকের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক গোপাল রায়। তাঁকে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তিন যুবকের আকস্মিক মৃত্যুতে পচাগড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মাথাভাঙ্গা শহর ও সংলগ্ন এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ। গতকাল রাতেও দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। দুর্গাপুজো থেকে এখনও পর্যন্ত এলাকায় পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।



