Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অঞ্চল সভাপতি বদল, ব্লক তৃণমূল সভাপতিকে শোকজ

নেতৃত্বের আপত্তি উড়িয়ে শুক্রবার অঞ্চল তৃণমূল সভাপতি বদল করায় নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে শোকজ করা হল।

অঞ্চল সভাপতি বদল, ব্লক তৃণমূল সভাপতিকে শোকজ
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নেতৃত্বের আপত্তি উড়িয়ে শুক্রবার অঞ্চল তৃণমূল সভাপতি বদল করায় নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে শোকজ করা হল। শনিবার জেলা সভাপতি সুজিত রায় তাঁকে হোয়াটসঅ্যাপে শোকজের চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি ডাকযোগেও চিঠি পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্য থেকে ব্লক ও শহর সভাপতি ঘোষণা না হওয়া পর্যন্ত অঞ্চল কিংবা ওয়ার্ড কমিটিতে কোনও রদবদল করতে হলে জেলা সভাপতির অনুমোদন বাধ্যতামূলক। ভেকুটিয়া অঞ্চল সভাপতি রদবদলে তিনি অনুমতি দেননি। তারপরেও সেখানে সভাপতি বদল ভালোভাবে নিচ্ছে না দল। 

Advertisement

উল্লেখ্য, নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া অঞ্চল তৃণমূল সভাপতি পদে রদবদল করেন বাপ্পাদিত্য। নিজের ফেসবুকে নতুন সভাপতিকে নিয়োগপত্র দেওয়ার ছবিও পোস্ট করেন। ভেকুটিয়া অঞ্চলে রাখহরি ঘড়াকে সভাপতি করা হল বলে জানান। তারপরই নন্দীগ্রামে দলের ভিতর হইচই শুরু যায়। আগামী কয়েকদিনের মধ্যে ব্লক ও শহর সভাপতিদের নাম ঘোষণা করবে রাজ্য নেতৃত্ব। তারআগে তড়িঘড়ি রদবদলের ঘটনায় হস্তক্ষেপ করে দলের জেলা কমিটি। জানানো হয়, এই রদবদলে দলের অনুমোদন নেই। এজন্য ব্লক সভাপতিকে শোকজ করা হবে। সেইমতো শনিবার দুপুরে ব্লক সভাপতিকে শোকজের চিঠি ধরানো হয়েছে। এরআগে গোকুলনগর অঞ্চলেও সভাপতি পদে রদবদল করেছেন বাপ্পাদিত্য। গত এপ্রিল মাসে ওই অঞ্চলে সীতারাম করণকে সরিয়ে শঙ্কর দাসকে সভাপতি করা হয়। তারপর শুক্রবার ভেকুটিয়া অঞ্চলে সভাপতি রদবদল করা হয়। এরপর হরিপুর অঞ্চলেও পরিবর্তন নিয়ে জল্পনা চলছিল। 
দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সম্ভবত সেকারণে আগেভাগে নিজেদের কাছের লোককে অঞ্চল সভাপতি পদে বসিয়ে দিচ্ছেন বাপ্পাদিত্য। দল নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করছেন না। ভেকুটিয়া অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ গোল বলেন, ২০২১সালে বিধানসভা ভোটের তুলনায় পঞ্চায়েত এবং লোকসভায় আমরা তুলনামূলকভাবে ভালো ফল করেছি। নন্দীগ্রাম-১ ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে পাঁচটি বিজেপি দখল করেছে। তারমধ্যে ভেকুটিয়া পঞ্চায়েত রয়েছে। ভোটে পিছিয়ে থাকার আসল কারণ খুঁজে সেসব মেরামত করার পরিবর্তে ব্লক সভাপতি শুধুমাত্র নিজের লোকজনকে দায়িত্বে আনতে মরিয়া। কাঞ্চনবাবু সাংগঠনিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং পোড়খাওয়া। নিজের পছন্দের না হওয়ার জন্য তাঁকে সরানোর জন্য এত তৎপরতা।
এনিয়ে বাপ্পাদিত্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। এসএমএস পাঠানো হলেও প্রতিক্রিয়া দেননি।
জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, বাপ্পাদিত্য গর্গ মৌখিকভাবে কয়েকবার ভেকুটিয়া অঞ্চল সভাপতি বদলের জন্য আমাকে বলেছেন। প্রতিবার আমি তাতে না বলেছি। কারণ, সামনেই ব্লক ও শহর সভাপতি ঘোষণা হবে। তারপর অঞ্চলস্তরে রদবদল হোক। কিন্তু, তার আগে অঞ্চলে রদবদলে এত তৎপরতা কেন? তিনদিনের মধ্যে জবাবদিহি চাওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ