বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ ও গুলি, দশমীর রাতে মালদহে খুন বিজেপি কর্মী
  • ২২ অক্টোবর, ২০২৬ ১১:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দশমীর রাতে মালদহে খুন! বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ (২৭)। গতকাল রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর অঞ্চলের রামকেলি এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, ওই এলাকায় শত্রু ঘোষ নামে এক তৃণমূল কর্মীর সঙ্গে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল বিজেপি কর্মী সমীর ঘোষের। আর সেই বিবাদের জেরেই গতকাল দুপুরের দিকে প্রথমে তাদের মধ্যে বচসা বাঁধে। এরপর পুলিশ গিয়ে দুপক্ষকে বুঝিয়ে সেই গন্ডগোল থামিয়ে দেয় বলে খবর। কিন্তু রাতের দিকে হঠাৎ করেই তৃণমূল কর্মী শত্রু ঘোষ এবং তার দলবল সমীর ঘোষের বাড়িতে চড়াও হয়ে তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মী সমীর ঘোষের। এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় নিহত সমীর ঘোষের ভাই দাবি করেন, তার দাদা বিজেপি করতেন। সেই কারণে পুরনো আক্রোশবশত, তৃণমূল কর্মী শত্রু ঘোষ দলবল নিয়ে বাড়িতে ঢুকে তার দাদাকে কুপিয়ে গুলি করে খুন করেছে। পাশাপাশি মৃতের শাশুড়ি সহ এক মামাতো দাদা দাবি করেন, সমীর কোনো রাজনীতি করতেন না। পুকুরের মাছ চাষের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সে। তাকে পুরনো আক্রোশবশত শত্রু ঘোষ দলবল নিয়ে খুন করেছে। তারা চান এই খুনের ঘটনায় যারা যুক্ত পুলিশ যেন তাদের সকলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। 

এই ঘটনায় ইংলিশবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন মৃত যুবক বিজেপি কর্মী ছিলেন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা তৃণমূলের বলে পরিচিত। অভিযুক্তদের কেউ যেন ছাড়া না পায় সেই ব্যাপারে পুলিশ সুপারকে বলা হয়েছে। সেইসঙ্গে মহদিপুর এলাকায় সমাজবিরোধী কাজকর্ম বাড়ছে বলে অভিযোগ বিধায়কের। একদিকে সীমান্ত এলাকা, তার উপর মাদক কারবারিদের দাপট বাড়ছে সেইখানে। 
তবে সঠিক কী কারণে এই খুন, খুনের ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।