


মুম্বই, ১১ সেপ্টেম্বর: কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা পাঞ্জাবের। পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে হেক্টরের পর হেক্টর কৃষি জমি জলের তলায়। বানভাসি পাঞ্জাবে একাধিক ঘর-বাড়ি জলের তলায়। সেই কারণে ঘর ছেড়েছেন অনেকেই। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই কারণে সাহায্যের হাত বাড়িয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকা ও খেলোয়াড়রাও। এবার বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের পাশে দাঁড়ালেন শাহরুখ খান।
বলিউডের বাদশার সংস্থা ‘মীর ফাউন্ডেশন’, পাঞ্জাবের স্থানীয় এনজিও-দের সঙ্গে হাত মিলিয়ে ত্রাণ পাঠাতে শুরু করেছে। ইতিমধ্যেই ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারে পৌঁছে গিয়েছে জরুরি ত্রাণসামগ্রী। অমৃতসর, ফাজলিকা, পাটিয়ালা ও ফিরোজপুরে মূলত ত্রাণ সামগ্রী পাঠিয়েছে শাহরুখের সংস্থা। পাঞ্জাবের এই জেলাগুলিতেই ক্ষতি বেশি হয়েছে। কিং খানের পাঠানো ত্রাণ সামগ্রীতে রয়েছে- ওষুধ, স্বাস্থ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, মশার জাল, ত্রিপল, ভাঁজ করা খাট, তুলোর গদি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
সূত্রের খবর, বন্যায় বিপর্যস্ত অমৃতসরের ৫০০ পরিবারকে দত্তক নেওয়ার পরিকল্পনাও করেছেন কিং খান। তবে সবটাই তিনি করেছেন চুপিসারে। শুধুই শাহরুখ নন, বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবে ত্রাণ নিয়ে গিয়েছেন অভিনেতা সোনু সুদ। ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার। সলমনের সংস্থা ‘বিয়িং হিউম্যান’ উদ্ধারকারীদের দিয়েছে পাঁচটি হাইস্পিড নৌকা ও তিনিও বন্যায় বিপর্যস্ত কয়েকটি পরিবারকে দত্তক নেওয়ার পরিকল্পনা নিয়েছেন।